সখীপুরে অবৈধ করাতকল সরিয়ে ফেলছেন মালিকেরা
টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ করাতকলের মালিকেরা তাঁদের কলগুলো সরিয়ে ফেলছেন। গত এক সপ্তাহে উপজেলার ৫৬টি অবৈধ করাতকলের মধ্যে কমপক্ষে ৩০টি সরিয়ে ফেলা হয়েছে। টাস্কফোর্সের উচ্ছেদ অভিযান ও মামলার ভয়ে করাতকলের মালিকেরা এগুলো সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও সখীপুরের সংরক্ষিত বনাঞ্চলে ১১টি বিটের আওতায় অর্ধশতাধিক করাতকল গড়ে ওঠে। এ নিয়ে ২০১১ সালের ৫ জুন একটি ইংরেজি দৈনিকে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। পরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অব পিস ফর বাংলাদেশের এক আইনজীবী উচ্চ আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে করাতকলের মালিকদের তালিকা, লাইসেন্স করা করাতকলের তালিকা ও লাইসেন্সবিহীন করাতকলের তালিকা ১৪ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত। এ খবর গত ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গঠিত টাস্কফোর্স ১ মার্চ অভিযান চালিয়ে ছয়টি করাতকল উচ্ছেদ ও মালিকদের বিরুদ্ধে মামলা করে। এ কারণে উচ্ছেদ অভিযান ও মামলার ভয়ে মালিকেরা তাঁদের কলগুলো সরিয়ে ফেলছেন।
সম্প্রতি উপজেলার বেড়িখোলা, মহানন্দপুর, তৈলধারা ও গড়বাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, অবৈধ করাতকলের মালিকেরা ঘর রেখে তাঁদের করাতকলগুলো সরিয়ে ফেলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক করাতকলের একাধিক মালিক জানান, সম্প্রতি বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রেঞ্জের আওতাধীন অবৈধ করাতকলের মালিকদের নিয়ে গোপন বৈঠক করেন রেঞ্জ কর্মকর্তা শামসুল ইসলাম চৌধুরী। বৈঠকে শামসুল ইসলাম তাঁদের সাময়িকভাবে করাতকলগুলো সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু শামসুল তাঁর বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কার্যালয়ে করাতকলের মালিকদের নিয়ে কোনো বৈঠক হয়নি। তবে অবৈধ কলের মালিকেরা পত্রিকা পড়ে বিচ্ছিন্নভাবে যোগাযোগ করছেন।’ হাতিয়া রেঞ্জের কর্মকর্তা শামসুল হক বলেন, ‘এ মুহূর্তে টাস্কফোর্সের অভিযান চলায় ও মামলার ভয়ে কমপক্ষে ৩০টি কল খুলে ফেলার খবর পাওয়া গেছে। বাকি কলগুলোও সরিয়ে ফেলার কাজ চলছে বলে শুনেছি।’
সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও তদন্ত কমিটির সদস্য মো. বশিরুল আল মামুন জানান, অবৈধ সব করাতকলই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে এবং মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। যাঁরা করাতকল সরিয়ে ফেলেছেন, তাঁদের বিরুদ্ধেও মামলা হবে।