সখীপুরে অবৈধ দখলে ১৯ একর খাসজমি
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিল্পপার্কের প্রায় ১৯ একর জমি দখল করে এক অধ্যক্ষ ও তাঁর পরিবারের লোকজন ইজারা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা ‘শিল্পপার্কের’ জন্য নির্ধারিত স্থান লিখে সাইনবোর্ড টাঙিয়ে দিলেও কাজ হচ্ছে না। কথিত ইজারাদার সেখানে কলাবাগান করেছেন।
ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের কালিদাস মৌজায় দড়িরচালা এলাকায় সরকারের খাস ১ নম্বর খতিয়ানভুক্ত ২২১১, ২২১৮ ও ২২১৯ দাগে ১৮ দশমিক ৯৬ একর জমি রয়েছে। উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা ও সখীপুরের হাতিয়া কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন ও তাঁর পরিবারের লোকজন ওই জমি দখল করে তা ইজারা দিয়েছেন। ১০ বছরের জন্য ওই জমি ইজারা নিয়ে কলাবাগান করেছেন মিন্টু রবিদাস নামের এক ব্যক্তি। যাদবপুর ভূমি কার্যালয় থেকে বারবার জমিটি দখলমুক্ত করতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা।
যাদবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। এক বছর আগে জমিটি শিল্প স্থাপনযোগ্য হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
ইজারাদার মিন্টু রবিদাস বলেন, ‘আমরা কয়েকজন মিলে অধ্যক্ষ বেলায়েত ও তাঁর লোকজনের কাছ থেকে ২০ লাখ টাকায় ওই জমি ১০ বছরের জন্য ইজারা নিয়েছি। এ জমিতে আমরা আরও ২০ লাখ টাকা খরচ করেছি। আমার পক্ষে আগামী ১০ বছরের মধ্যে ওই জমি ছেড়ে দেওয়া সম্ভব নয়।’
বেলায়েত হোসেন সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তিনি ওই জমি ‘ইজারা’ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বাপ-দাদার আমল থেকে ওই জমিটি আমরা ভোগ-দখল করে আসছি, আমরা সরকারের বিরুদ্ধে মামলাও করেছি।’ ওই জমির পাশে বসবাসকারী শরিফুল ইসলাম জানান, দুই বছর আগেও ওই জমিতে বড় বড় গজারি গাছ ছিল। কে বা কারা গাছ কেটে এখন কলাবাগান করে দখলে নিয়েছে।
এ ব্যাপারে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ প্রথম আলোকে বলেন, ‘আমি সখীপুরে নতুন এসেছি। জমিটি যদি খাস হয় এবং শিল্পপার্কের নামে বন্দোবস্ত থাকে, তবে অবশ্যই দখলমুক্ত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’