সখীপুরে আমের বাম্পার ফলন, ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুরে আম্রপালি আমের বাম্পার ফলন হয়েছে। পরিচর্যায় ব্যস্ত আমচাষি। দেলুয়ারের আমবাগান, শালগ্রামপুর গ্রাম, সখীপুর, টাঙ্গাইল, ২৪ জুন।
সখীপুরে আম্রপালি আমের বাম্পার ফলন হয়েছে। পরিচর্যায় ব্যস্ত আমচাষি। দেলুয়ারের আমবাগান, শালগ্রামপুর গ্রাম, সখীপুর, টাঙ্গাইল, ২৪ জুন।

টাঙ্গাইলের সখীপুরে আমের বাম্পার ফলন হয়েছে। তবে চাষিরা আমের ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে আম বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার শতাধিক আমচাষি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এখন আমের ভরা মৌসুম। আম বিক্রি ও প্রক্রিয়াজাতকরণে ভিন্ন কৌশল নিতে হবে চাষিদের।

আমচাষিরা বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই গাছ থেকে আম পাড়তে ও পাইকারদের কাছে বিক্রি করতে হবে। এ সময় আমের বাজার মন্দা হলে লোকসান গুনতে হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় আমচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, সখীপুরের পাহাড়ি অঞ্চল অংশে কমপক্ষে ১২ বছর ধরে বাণিজ্যিক ভিত্তিতে আমের চাষ হচ্ছে। এ বছর ২৬০ হেক্টর জমিতে আম্রপালি জাতের আম চাষ করা হয়েছে। আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই হাজার মেট্রিক টন। আম্রপালি ছাড়াও সখীপুরে বারি-৪, হিমসাগর, রেঙ্গুন, হাঁড়িভাঙা, গুরমতি ও ল্যাংড়া জাতের আমও চাষ হয়েছে। এ বছর আমের ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে স্থানীয় কৃষি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

একাধিক আম চাষি বলেন, গতবারের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আমের পাইকারেরাও চলে এসেছেন।

কয়েকজন আমচাষির সঙ্গে কথা বলে জানা যায়, সখীপুরে আম্রপালি জাতের আম পাকার সময় হয়েছে। অধিকাংশ চাষি এক সপ্তাহের মধ্যে অর্ধেক আম গাছ থেকে পাড়বেন। ইতিমধ্যে কিছু আম বাগানের গাছ থেকে পেকে ঝরে পড়ছে। চাষিদের অভিযোগ, আমের এ ভরা মৌসুমে আমের ন্যায্যমূল্য পাচ্ছেন না তাঁরা।

সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আম চাষি দেলুয়ার হোসেনের ৫০ একর জমিতে প্রায় সাড়ে সাত হাজার আমগাছে আম ধরেছে। তাঁর ছয়টি বাগান রয়েছে। তিনি এবার কমপক্ষে দেড় শ থেকে দুই শ মেট্রিক টন আম বিক্রি করবেন বলে আশা করছেন। তিনি এলাকায় আম দেলুয়ার নামে পরিচিত। তিনি বলেন, এবার আমের ফলন ভালো, তবে আমের বাজার ভালো অবস্থায় নেই। পাইকারেরা ২৫ থেকে ৩০ টাকা কেজি ধরে হাঁকছেন। এক কেজি আম উৎপাদনে একজন চাষির খরচ পড়ে ৩৫-৪০ টাকা। কমপক্ষে ৫০ টাকা কেজি বিক্রি হলে চাষিরা লাভের মুখ দেখবেন।

সখীপুরের মন্টু রবিদাসের ছয় হাজার গাছে আম ধরেছে। তিনি বলেন, ছয় বছর আগে থেকে তিনি ১৫ একর জমি ভাড়া নিয়ে আম চাষ করছেন। প্রতি একর জমির ভাড়া দেন ২০ হাজার টাকা। সারা বছর ১০-১২ জন শ্রমিক আমবাগানের দেখভাল করেন। ধান চাষ করলে বছরে কমপক্ষে দুইবার ফলন পাওয়া যায়, কিন্তু আম চাষে বছরে একবার ফলন আসে। ফলনের মৌসুমে যদি চাষিরা দাম না পান, তাহলে চাষিরা আম চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন।

শংকর কুমার, সমীর কুমার, হারুনুর রশিদ, আবদুর রশিদ, শামছুল আলম, মনির হোসেন, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমচাষি অভিযোগ করেন, তাঁরা আমের ন্যায্যমূল্য পাচ্ছেন না।

শোলা প্রতিমা গ্রামের আমচাষি হারুনুর রশিদ বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে গাছের আম বিক্রি করতে না পারলে আম গাছে ধরে রাখা যাবে না। পেকে পেকে ঝরে পড়ে আম নষ্ট হয়ে যাবে। লোকসান গুনতে হবে চাষিকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হলেও আমাদের টাঙ্গাইলের আম বিদেশে যায় না।’

সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঞা প্রথম আলোকে বলেন, সখীপুরেও বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক আম চাষ হয়েছে। ফলনও ভালো। এখানকার মাটি আম চাষের জন্য উপযোগী। আমের গুণগত মানও ভালো। সখীপুর ঢাকার খুবই কাছে থাকায় কম পরিবহন খরচে আম রপ্তানি হতে পারে। আমের এ ভরা মৌসুমে চাষিকে আম প্রক্রিয়াজাতকরণে নানা কৌশল নেওয়ার জন্য তিনি পরামর্শ দেন।