সখীপুরে ইউএনওকে প্রত্যাহারের সময় বেঁধে দিলেন এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় লোকজন। সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে সখীপুর থেকে প্রত্যাহারের সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দেন।
গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বড়চওনা বাজার বণিক সমিতি ও এলাকাবাসী বড়চওনা বাজারে এ কর্মসূচির আয়োজন করেন। বড়চওনা বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মাস খানেক আগে ইউএনও উপজেলার বড়চওনার ত্বোহা বাজার, উপস্বাস্থ্য কেন্দ্র ও কৃষি গুদামঘরের পরিত্যক্ত জমিতে দোকান করার জন্য অনুমতিপত্র (শপ লাইসেন্স) দেওয়ার চেষ্টা করেন। এর প্রতিবাদে ওই বাজারের ব্যবসায়ীরা গত ১৪ অক্টোবর মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর ওই বাজার বণিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমানসহ দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর ৩ নভেম্বর ইউএনও ওই বাজারে তদন্তে গেলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে মিছিল করেন।
ব্যবসায়ীদের হয়রানি ও ওই বাজারে ‘শপ লাইসেন্স’ দেওয়ার চেষ্টার প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসী গতকাল বিক্ষোভ মিছিল শেষে বড়চওনা বাজার চত্বরে ইউএনওর কুশপুত্তলিকা দাহ করেন। মিছিল শেষে বণিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়।
ব্যবসায়ীদের হয়রানিসহ অন্যান্য অভিযোগ অস্বীকার করে ইউএনও এস এম রফিকুল ইসলাম বলেন, ‘আমি ওই বাজারে একটি শপ লাইসেন্সও দিইনি। ৩ নভেম্বর আমি ওই বাজারে হাট ইজারাদারের বিরুদ্ধে পাওয়া একটি অভিযোগের তদন্তে গিয়েছিলাম। এটি একটি অহেতুক ও সাজানো আন্দোলন। একটি মহল আমার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।’