সখীপুরে ইউপি নির্বাচনের দাবিতে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ এবং ওই ইউপিতে নির্বাচন আয়োজন করার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। গত সোমবার তারা এ কর্মসূচি পালন করে।
সকাল ১০টায় উপজেলার নলুয়া বাজারে অবস্থিত যাদবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডি এম শরীফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান, খন্দকার রফিকুল ইসলাম। এই কর্মসূচি শেষ হওয়ার পর বেলা দুইটায় সখীপুরের ইউএনওর কার্যালয়ে গিয়ে সংগ্রাম পরিষদের নেতারা একই দাবিতে স্মারকলিপি জমা দেন।
সখীপুরের ইউএনও এস এম রফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।’
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ওই ইউনিয়নে ২০০২ সালের ডিসেম্বরে নির্বাচন হয়। ওই নির্বাচনে বজলুর রহমান চেয়ারম্যান ও ১২ জন সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হন। এরপর ২০০৬ সালে টাঙ্গাইলের জেলা প্রশাসক বৃহত্তর যাদবপুরকে ভেঙে ‘যাদবপুর’ ও ‘বহুরিয়া’ নামের দুটি ইউনিয়ন গঠন করে প্রজ্ঞাপন জারি করেন। সীমানা নিয়ে জটিলতার বিষয়ে ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে বহুরিয়া গ্রামের শামসুল হক নামের এক ব্যক্তি উচ্চ আদালতে মামলা করলে ওই দুই ইউনিয়নের নির্বাচনের কার্যক্রম স্থগিত হয়ে যায়। মামলাটি ২০১৬ সালের জানুয়ারিতে খারিজ হয়ে যায়।