সখীপুরে এক গৃহবধূ স্বামীর পাশবিক নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে হাত-পা ও মুখ বেঁধে এক নববধূকে তাঁর স্বামী পাশবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির যৌনাঙ্গে ১০টি সেলাই দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ২৫ আগস্ট রাতে স্বামীর বাড়িতে। এ ব্যাপারে মেয়েটি বাদী হয়ে সখীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাশ গ্রামের এক মেয়ের (১৮) সঙ্গে একই উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে শাহিনের (২৫) বিয়ে হয়। মেয়েটি কালো বলে বিয়ের সময় শাহিনকে দিনমজুর শ্বশুর ১৫ হাজার টাকা যৌতুক দেন। আরও ৩০ হাজার টাকা দাবি করেন শাহিন। টাকা না পেয়ে প্রতিদিনই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। ২৫ আগস্ট রাতে শাহিন তাঁর স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে গোপনাঙ্গে পাশবিক নির্যাতন চালান। প্রচুর রক্তক্ষরণ হলে স্বামী শাহিন তাঁকে শেষ রাতের দিকে সখীপুর স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে মেয়েটির যৌনাঙ্গে ১০টি সেলাই দেওয়া হয়। স্বামী চালাকি করে শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে মেয়েটিকে ওই ক্লিনিক থেকে তাঁর বাড়িতে নিয়ে যান। ঠিকমতো চিকিৎসা না হওয়ায় মেয়েটির যৌনাঙ্গে পচন ধরলে মেয়েটির বাবা পুলিশের সহযোগিতায় গতকাল শুক্রবার দুপুরে মেয়েকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মেয়ের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার মেয়ের নির্যাতনকারীর বিচার চাই। শাহিন এর আগেও বিয়ে করেছিল।’ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আবু ইদ্রিস বলেন, মেয়েটির যৌনাঙ্গে ১০-১২টি সেলাই রয়েছে ও সেখানে পচন ধরেছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক ওসমান গণি জানান, অভিযোগ পেয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।