সখীপুরে এক বছরে ৩৮ জনের আত্মহত্যা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত বছর (২০১০ সাল) নারী ও শিশুসহ অন্তত ৩৮ জন আত্মহত্যা করেছে। আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছে কমপক্ষে ১৮৮ জন। গত পাঁচ বছরে জেলার ১১ উপজেলার মধ্যে সখীপুরে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। সখীপুর থানার অপমৃত্যু নিবন্ধন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি নিবন্ধন সূত্রে এসব তথ্য জানা গেছে।গত বছর সখীপুরে ১২ জন নারী, ছয়জন পুরুষ ও একটি শিশু বিষপানে এবং নয়জন নারী ও ১০ জন পুরুষ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ১১৭ জন নারী ও ৭০ জন পুরুষ ব্যর্থ হয়। শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন নারী। আত্মহত্যাকারী ও আত্মহত্যা চেষ্টাকারীদের ৮০ ভাগই অশিক্ষিত ও দরিদ্র পরিবারের।এর আগে ২০০৯ সালে ৩৬ জন আত্মহত্যা করে ও ১২৬ জন নারী-পুরুষ আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।জানা যায়, গত ৬ নভেম্বর বিষপানে আত্মহত্যা করে উপজেলার বৈলারপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে খাদিজা (১৬)। তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জানান, পরপর দুবার এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে খাদিজা বিষ পান করে।উপজেলার বগা প্রতিমা গ্রামের গৃহবধূ বেদেনা আক্তার (৩৫) গত ২৩ অক্টোবর বিষপানে আত্মহত্যা করেন। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি এই পথ বেছে নেন বলে জানা যায়।উপজেলার ছলঙ্গা গ্রামের কবির হোসেন (৩০) ২৭ অক্টোবর আত্মহত্যা করেন। কবিরের বড় ভাই হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, বিদেশে যাওয়ার আশায় চার বছর আগে সহায়সম্বল বিক্রি করে দালালকে দুই লাখ টাকা দেন কবির। তাঁর পরও বিদেশ যেতে না পেরে শেষমেশ বিষপানে আত্মহত্যা করেন তিনি। উপজেলার নলুয়া গ্রামের সোমলা আক্তার (১৪) নামের এক কিশোরী ২১ অক্টোবর আত্মহননের পথ বেছে নেয়। প্রেমে ব্যর্থ হয়ে সে বিষ পান করে বলে জানা যায়।আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যাওয়া গড়গোবিন্দপুর গ্রামের এক নারী জানান, স্বামীর সঙ্গে অভিমান করে বিষ পান করেন তিনি।সখীপুর আবাসিক মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও গবেষক শহীদুল্লাহ কায়সার বলেন, সখীপুরের মানুষ বেশ আবেগপ্রবণ। এ ছাড়া এখানে অশিক্ষা, দারিদ্র্য ও সামাজিক অসচেতনতা রয়েছে। এসব কারণে উপজেলায় এ ধরনের ঘটনা বেশি ঘটে। তিনি আরও বলেন, আত্মহত্যা কমাতে হলে সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ এলাকায় কৃষি কাজে প্রায় সারা বছর নানা ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। এ ধরনের বিষ হাতের নাগালে থাকে। সামান্য মান-অভিমানের জেরে অনেকে এই বিষ পান করে। আবার অনেক অভিভাবকের অসাবধানতার কারণে শিশুরাও সিরাপ মনে করে ওই বিষ পান করে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ হওয়া, পরকীয়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়াসহ নানা কারণে এ এলাকার মানুষ আত্মঘাতী হয়।