সখীপুরে এক বছরে ৪০ জনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গত বছর ৪০ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ২১ জন নারী ও ১৯ জন পুরুষ।আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ৩০৯ জন। কীটনাশক পানে বা অন্য উপায়ে আত্মহত্যা করতে চাইলেও স্বজনেরা সময়মতো হাসপাতালে নেওয়ায় তাঁরা বেঁচে যান। সখীপুর থানায় অপমৃত্যুর নিবন্ধন বই বিশ্লেষণ করে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।২০১০ সালে এই উপজেলায় আত্মহত্যা করেন ৩৯ জন। ২০০৯-এ আত্মহননের পথ বেছে নেন ৩৮ জন।প্রেমে ব্যর্থ হওয়া, পারিবারিক ও দাম্পত্য কলহ, শ্বশুরবাড়িতে নির্যাতন, মাদকাসক্তি, বিদেশ গমনে ব্যর্থ হওয়াসহ নানা কারণে গত বছর আত্মহননের ঘটনাগুলো ঘটেছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। গত বছর ২২ জন বিষপানে ও ১৮ জন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মাসে ২০-৩০ জন নারী-পুরুষ বিষপান করে হাসপাতালে আসেন। তিনি বলেন, ‘পারিবারিক কলহের কারণেই বেশির ভাগ নারী বিষপান করেন বলে আমরা খবর পাই।’টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, জেলার অন্যান্য উপজেলার চেয়ে সখীপুরে আত্মহননের প্রবণতা বেশি।জানতে চাইলে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ম শ কায়সার বলেন, সচেতনতার অভাব, আবেগের তাড়না, দাম্পত্য কলহ ও প্রেমে ব্যর্থ হওয়াসহ নানা কারণে আত্মহননের প্রবণতা এখানে বেশি। এ প্রবণতা দূর করতে হলে মানুষকে আরও সচেতন করতে হবে। শিক্ষকেরা শ্রেণীকক্ষে পড়ানোর সময় শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে পারেন বলে পরামর্শ দেন তিনি।থানা পুলিশের অপমৃত্যুর নিবন্ধন বই বিশ্লেষণ করে দেখা যায়, আত্মহননকারী ২২ নারীর সবার বয়স ২৫-এর নিচে। এর মধ্যে বিবাহিত ১৬ জন। তাঁদের প্রায় সবাই স্বামী ও স্বামীর বাড়ির লোকজনের অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নেন। বাকি ছয়জন অবিবাহিত ও স্কুল-কলেজের ছাত্রী।ওই ছয়জনের মধ্যে সখীপুর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সেতু রানী পালের এক চাচা বলেন, এক বখাটের সঙ্গে প্রেম করতে গিয়ে আত্মহত্যা করে সেতু।পারিবারিক কলহে বেতুয়া গ্রামের কলেজছাত্রী মর্জিনা আক্তার আত্মহননের পথ বেছে নেন বলে তাঁর আত্মীয়রা জানান। হাতিবান্ধা গ্রামের ইমনের (২৫) বাবা সুমন মিয়া জানান, জাল ভিসার কারণে লিবিয়া থেকে ফেরত আসার পর তাঁর ছেলে আত্মহত্যা করেন।কালমেঘা গ্রামের গৃহবধূ রিনা বেগম (২৫) তাঁর স্বামী লুৎফর রহমানের অত্যাচারে বিষপান করে আত্মহত্যা করেন বলে থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে। সখীপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের জামিলুর রহমান নামের এক তরুণ মাদকাসক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, কীটনাশক সহজে হাতের কাছে পাওয়া যায় বলে একটু মনোমালিন্য হলেই আত্মহননের পথ বেছে নেয় অনেকে।সখীপুর উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মোসলিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আত্মহননের প্রবণতা রোধে পাড়া-মহল্লায় গিয়ে বৈঠক করে সবাইকে সচেতন করতে হবে। বাড়িতে কীটনাশক মজুদ রাখা যাবে না।’