সখীপুরে এক শিক্ষক দিনে ক্লাস নেন ২৯টি!
‘নিজেই ঘণ্টা দিয়ে হাজিরা খাতা নিয়ে ক্লাসে যাই। এক এক করে দিনে বিভিন্ন শ্রেণীর ২৯টি ক্লাস নিতে হয়। আমি অসুস্থ থাকলে সেদিন স্কুল বন্ধ থাকে। আমিও তো মানুষ! এভাবে কি একটা স্কুল চলে?’ কথাগুলো বললেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।গত সোমবার সরেজমিনে দেখা যায়, দিঘীর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের রয়েছে মাত্র তিনটি পদ। উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনোটিতেই এত কম (তিনটি) পদ নেই। ওই বিদ্যালয়ে বর্তমানে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। তিন পদের একজন শিক্ষিকা কানিজ ফাতেমা ১০ মাস ধরে টাঙ্গাইলে প্রশিক্ষণে রয়েছেন। আরেক শিক্ষক শহিদ আহমেদও উপজেলায় ২১ দিনের প্রশিক্ষণে রয়েছেন। ফলে দেলোয়ার হোসেন নিজেই দিনে ২৯টি ক্লাস নেন। সকালে প্রথম পর্বে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ১১টি ক্লাস ও দ্বিতীয় পর্বে (বিকেলের পালা) তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি করে ১৮টি ক্লাস নেন।দেলোয়ার হোসেন বলেন, ‘নিজেই ঘণ্টা দিই। হাজিরা করি ও ক্লাসরুম পরিষ্কার করি। এক শ্রেণীতে শিক্ষার্থীদের পড়া বা লেখা দিয়ে অন্য শ্রেণীতে ঢুকি। এভাবে একসঙ্গে তিনটি শ্রেণীতে ক্লাস চালিয়ে যাই। এ ছাড়া উপবৃত্তিসহ নানা ধরনের প্রতিবেদন, ডাটা তৈরি, উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ সবই আমাকেই করতে হয়।’ দেলোয়ার হোসেন আরও বলেন, এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে কোনো লাভ হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী হালিমা প্রথম আলোকে বলেন, ‘ওই স্কুলে শিক্ষক নেই তা আমার জানা ছিল না। শিগগিরই ওই বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। অন্য স্কুলে শিক্ষক থাকলেও আমাদের দিচ্ছেন না।’