সখীপুরে ওসির বিরুদ্ধে আসামির পক্ষে কাজ করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের মামলার তদন্তে ওসির গড়িমসি, বাদীকে ধমক দেওয়া ও আসামির পক্ষ নেওয়ার অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই লিখিত অভিযোগটি দিয়েছেন গৃহবধূর ভাই মামলার বাদী মিজানুর রহমান। গত বৃহস্পতিবার পুলিশ সুপার এম হাফিজ আক্তার অভিযোগটি পেয়েই বিষয়টি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছেন। এলাকাবাসী ও ওই গৃহবধূর পরিবার সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর রাতে বাড়ির উঠানে মুঠোফোনে কথা বলার সময় আসামিরা হাসনা বেগমের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হাসনার বাঁ হাত, পেটের অংশবিশেষ ও বাঁ পা ঝলসে যায়। ওই দিন রাতেই গৃহবধূর তিন ভাতিজা ও দেবরকে আসামি করে থানায় মামলা করেন মিজানুর।মিজানুর রহমান অভিযোগ করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বিবাদীদের পক্ষ নিয়ে কাজ করছেন। তিন দিন পর স্থানীয় সাংবাদিকদের চাপে তিনি মামলাটি নিলেও আসামিদের ধরতে যাননি। এ ছাড়া আদালতে পাঠানো প্রাথমিক তথ্য বিবরণীতে চার আসামির পরিবর্তে একজনের নাম উল্লেখ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ‘ওসির কথামতো এজাহারে আসামির নাম পরিবর্তন না করায় তিনি আমাকে বারবার ধমক দিচ্ছেন।’ সখীপুর থানার ওসি মহিউদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ সঠিক নয়। আমি নিয়মমাফিক এ মামলার তদন্তকাজ চালিয়ে যাচ্ছি।’