সখীপুরে কিশোরী ধর্ষণের শিকার, তিনজন গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে সংখ্যালঘু পরিবারের এক কিশোরী (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ওই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুপুরে উপজেলার রতনপুর গ্রামের তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলম, পলাশ চন্দ্র ও রাম প্রসাদ৷ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে ওই মেয়েটি নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন৷ পথে ১০-১২ জন বখাটে মেয়েটির মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে তুলে নিয়ে যায়। রোববার গভীর রাতে একটি মন্দিরের কাছে অচেতন অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে যায় বখাটেরা। সোমবার সকালে ঘটনা জানাজানি হয়৷ যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা করান৷ পরে গতকাল সকালে পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন৷