সখীপুরে কুকুরের কামড়ে ৩৫ জন আহত
টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ৩৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কালিদাস, প্রতিমাবংকী, সখীপুর ও গড়গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি খ্যাপা কুকুর আজ ভোর থেকে কালিদাস গ্রামের আয়নাল হকের ছেলে মারুফকে (৬) প্রথমে কামড় দেয়। পরে একই গ্রামের মুক্তি (৬), বাবু লাল, লাইলী বেগম, কুলছুমকে কামড় দিয়ে কুকুরটি রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। পথে কুকুরটি লোকজনকে দেখামাত্র কামড়াতে থাকে। একপর্যায়ে কুকুরটি কালিদাস থেকে প্রতিমাবংকী, সখীপুর পার হয়ে গড়গোবিন্দপুর গ্রামের মাজারপাড়ের রহমত আলীর ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র স্বপনকে কামড়ায় বলে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
হাসপাতাল সূত্র জানায়, প্রতি রোগীকে এক মাসের মধ্যে তিন হাজার টাকা মূল্যের চার-পাঁচটি ভ্যাকসিন দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ হোসাইন বলেন, ‘আজ সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ ঘটনায় নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জনকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহতদের অধিকাংশই পথচারী, ভ্যানচালক ও দিনমজুর।’