সখীপুরে খালেদা জিয়ার উপদেষ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটির দাবিতে সংগঠনের নেতা-কর্মীরা গত শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানসহ দলীয় নেতাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আযম খান ও দলীয় নেতারা অবরুদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়ন যুবদলের সম্মেলন শেষে রাতে আহমেদ আযম খান সখীপুর হয়ে ঢাকায় ফিরবেন খবর পেয়ে ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী সখীপুর তালতলা চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে আযম খান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সেখানে ডাকেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গিয়ে কমিটি গঠনের দাবিতে প্রায় দুই ঘণ্টা আযম খান ও অন্য নেতাদের সেখানে অবরুদ্ধ করে রেখে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের সহযোগিতায় নেতারা দলীয় কার্যালয় ত্যাগ করেন।ঘটনার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর আবুল হাশেম, পৌর বিএনপির সভাপতি আব্দুল হক আল আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।ঘটনাস্থলে উপস্থিত বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা প্রায় দুই ঘণ্টা আযম খানসহ স্থানীয় নেতাদের অবরুদ্ধ করে রাখেন।তবে অবরুদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করে আহমেদ আযম খান বলেন, ‘কমিটি ঘোষণার দাবিতে ছাত্রনেতারা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হবে।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘ছাত্রনেতারা আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে।’ছাত্রদল নেতা আনোয়ার কবীর বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। এ বিষয়টিই আমরা আযম খানকে জানিয়েছি।’ এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে পুলিশ যাওয়ার খবর পেয়ে ছাত্রদল নেতা-কর্মীরা সরে পড়েন।প্রসঙ্গত, গত আড়াই বছর ধরে সখীপুর উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নেই।