সখীপুরে খুন ও স্বর্ণ লুটের ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে জুয়েলারি দোকানের কর্মচারীকে খুন করে ৬০ লাখ টাকার স্বর্ণ লুটের ঘটনায় পুলিশ মঙ্গলবার সন্দেহভাজন ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তবে পরে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। দুই দিনেও ওই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
সোমবার গভীর রাতে সখীপুর বাজার মসজিদ সড়কে ‘শ্রীকৃষ্ণ জুয়েলারি ওয়ার্কশপ’ নামের ওই জুয়েলারি দোকানে ডাকাতি হয়। ডাকাতেরা দোকানের কর্মচারী অজিত সরকারকে (৩২) খুন করে স্বর্ণালংকার লুটে চলে যায়। এ ঘটনায় মঙ্গলবার দোকানের মালিক গোবিন্দ লাল কর্মকার সখীপুর থানায় ডাকাতি ও খুনের মামলা করেন।
পুলিশ জানায়, সোমবার রাত একটার দিকে গোবিন্দ লাল দোকানের কাজ সেরে কর্মচারী অজিত সরকারকে অন্যদিনের মতোই পাহারায় রেখে বাসায় চলে যান। মঙ্গলবার সকাল আটটার দিকে অন্য কর্মচারীরা এসে দোকানের শার্টার সামান্য খোলা দেখতে পান। তাঁরা দোকানে ঢুকে মেঝেতে অজিতের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ দোকান কর্মচারী প্রদীপ কর্মকার, বিকাশ কর্মকার ও বিমল দাসসহ ছয় ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে এই তিনজনকে রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। নিহত অজিত সরকারের বাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামে।