সখীপুরে গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে গলার শ্বাসনালিতে বেলুন আটকে গিয়ে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার ইছাদিঘি গ্রামে। শিশুটির নাম হুসেন আলী। বাবার নাম বিল্লাল মিয়া।
উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শামসুল আলম জানান, শিশুটি দুপুরে বাড়িতে একটি বেলুন নিয়ে খেলা করছিল। এ সময় মুখ দিয়ে ফোলাতে গিয়ে একপর্যায়ে বেলুনটি তার গলায় আটকে যায়। পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে বেলা তিনটার দিকে প্রতিবেশীরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইয়াসিন উল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তবে স্বজনেরা আমাকে জানিয়েছে যে শিশুটির গলায় বেলুন আটকে গিয়েছিল। আমার ধারণা, শ্বাসনালিতে বেলুন বা অন্য কিছু আটকে যাওয়ার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে।’