সখীপুরে গৃহবধূকে হত্যা, পূর্বধলায় সংঘর্ষে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেতুয়া কুলুচালা গ্রামে গত রোববার রাতে রুমা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এদিকে গতকাল সোমবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজ হোগলা গ্রামে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত হয়েছে শামসুজ্জামান (১৫) নামের এক কিশোর। সে এবার উপজেলার সাধুপাড়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়।রুমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্বামী রংমিস্ত্রি জসিম উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে। জসিমের বিরুদ্ধে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন রুমার ভাই আবু হানিফ।আবু হানিফ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে জসিম স্ত্রী রুমাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। একপর্যায়ে তিনি বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার করেন। প্রতিবেশীরা এলে জসিম জানান, ডাকাতেরা তাঁর স্ত্রীকে হত্যা করে চলে গেছে। এদিকে জসিম ভোর চারটার দিকে আবু হানিফকে মুঠোফোনে জানান, রুমা ডাকাতের হামলায় আহত হয়েছে। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে ভোরে হাসপাতালে ছুটে যান আবু হানিফ।সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রুমার মৃত্যু হয়। রুমার মৃত্যু নিয়ে জসিম অসংলগ্ন কথাবার্তা বললে সকালে পুলিশকে খবর দেন আবু হানিফ। পরে পুলিশ এসে জসিমকে আটক করে ঘাটাইল থানায় নিয়ে যায়। থানাহাজতে জসিম তাঁর স্ত্রীকে বালিশচাপা ও বুকে ঘুষি মেরে হত্যার কথা স্বীকার করেন। এ ব্যাপারে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুল হক জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রুমাকে হত্যা করা হয়েছে। তাঁর বুক ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এদিকে পূর্বধলা থানার পুলিশ ও নিজ হোগলা গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) ও মজিবুর রহমানের (৪০) মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে সিরাজুল ওই সীমানায় গাছ লাগালে মজিবুর বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মজিবুর, তাঁর বড় ভাই আইয়ুব আলী (৫৫), আইয়ুবের দুই ছেলে আসাদুজ্জামান ও শামসুজ্জামান এবং সিরাজুল ইসলাম, তাঁর ছেলে বাবু ও পুত্রবধূ আহত হন। গুরুতর আহত অবস্থায় শামসুজ্জামানকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মজিবুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আইয়ুব ও আসাদুজ্জামানকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান গতকাল বিকেলে জানান, শামসুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।