সখীপুরে গৃহবধূর ওপর ‘এসিড’ নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দামিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে হাসনা বেগম নামের একজন গৃহবধূর ওপর ‘এসিড’ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসনা বেগম মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাত আনুমানিক আটটার দিকে বাড়ির উঠানে মুঠোফোনে কথা বলার সময় দুর্বৃত্তরা টিনের বেড়ার বাইরে থেকে তাঁর ওপর এসিড ছুড়ে মারে।’ হাসনার ভাই মিজানুর রহমান বলেন, ‘এসিডে হাসনার বাঁ হাত, পেট ও পা ঝলসে গেছে। দীর্ঘদিন ধরে আমার বোনের জামাই আবদুস ছামাদের সঙ্গে জমিজমা ও টাকাপয়সা পাওনা নিয়ে তাঁর ভাতিজা আবুল হোসেন, আ. ছবুর, মাজম আলী ও জামালের সঙ্গে বিরোধ চলছিল। প্রায় চার মাস আগে তাঁদের বিরুদ্ধে আমার বোন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। হাসনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শামসুল আলম বলেন, তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এটি এসিড কি না, তা বুঝতে পারছি না। এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রাণবন্ধু বলেন, এ ঘটনায় মিজানুর বাদী হয়ে আবুল হোসেন, ছবুর, মাজম ও জামালকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করছেন। আসামিদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তাঁরা পলাতক।