সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবি, হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ফাহিমা আক্তার (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার কালমেঘা পাথারপুর গ্রামে স্বামীর বাড়ির পাশের একটি গাছে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে গতকালই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গৃহবধূর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, কালমেঘা পাথারপুর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে সৌদি আরবপ্রবাসী নুরুল ইসলাম দুই দিন আগে ছুটিতে দেশে আসেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি স্ত্রী ফাহিমার কোনো খোঁজ রাখেননি। বাড়িতে ফেরার পর থেকে ফাহিমার সঙ্গে তাঁর ঝগড়াবিবাদ লেগেই ছিল। গতকাল ভোরে স্বামীর বাড়ির পাশে আমগাছের ডালে ফাহিমার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। গৃহবধূর বাবা কালু মিয়া অভিযোগ করেন, ‘নুরুল ইসলাম বিদেশে থেকেই মুঠোফোনে নোয়াখালীর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সে আমার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।’ সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, স্বামীর পরকীয়ার কারণে ফাহিমা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনে হত্যার ঘটনা প্রমাণিত হলে মামলা নেওয়া হবে।