সখীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৪ অক্টোবর দশমী বিসর্জনের দিনে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বখাটে গৌড় চন্দ্র মালু (১৬) প্রতিবেশী শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে বলে শিশুটির পরিবার অভিযোগ করেছে।
শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের পর বখাটে গৌড় শিশুটিকে এ ঘটনা কাউকে বললে গলা কেটে মেরে ফেলবে বলে ভয় দেখায়। শিশুটি ভয়ে আর কাউকে কিছু বলেনি। দুই দিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে মাকে সবকিছু বলে দেয়।
গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুর বাবা জানান, তিনি পুলিশকে
ঘটনাটি জানিয়েছেন। তিনি বখাটে গৌড়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’