সখীপুরে ছাত্রীকে অপহরণের চেষ্টা, তিনজনকে পিটুনি
সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১২) অপহরণ করে পালানোর সময় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজারে গতকাল রোববার তিনজনকে পিটুনি দিয়েছে লোকজন। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের খোকন (২০), সখীপুর পৌরসভা এলাকার গাড়িচালক ইসরাফিল (২০) ও তাঁর বন্ধু হারুন (২০)। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা গতকাল ভালুকা থানায় অপহরণের চেষ্টার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সখীপুরের পার্শ্ববর্তী ভালুকার ডাকাতিয়া গ্রামের ওই ছাত্রী গতকাল সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে হাজীরবাজার এলাকায় পৌঁছালে খোকন ও হারুন তাকে জোর করে প্রাইভেট কারে তোলে। গাড়িটি কচুয়া বাজারে এলে মেয়েটি চিৎকার করে স্থানীয় লোকজনের সাহায্য চায়। লোকজন গাড়ি আটক করলে মেয়েটি অপহরণের কথা জানায়। উত্তেজিত লোকজন তখন খোকন, হারুন ও গাড়িচালক ইসরাফিলকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে সখীপুর থানার পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করে। পিটুনি খাওয়া তিনজনকে পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে মেয়েটির বাবা সখীপুর থানায় গিয়ে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।