সখীপুরে জমি নিয়ে জটিলতা নিরসনে কমিটি গঠন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বন বিভাগ ও ভূমিমালিকদের মধ্যে জমি নিয়ে জটিলতা নিরসনে গতকাল সোমবার সমঝোতা বৈঠক হয়েছে। এতে এ সমস্যা সমাধানের জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. অতুল মণ্ডল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাসুদ রানা, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, সখীপুর ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
আলোচনা শেষে বন বিভাগ ও ভূমিমালিকদের মধ্যে দীর্ঘদিনের ভূমির জটিলতা নিরসনে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক ও সখীপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সদস্যসচিব করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
আন্দোলন কমিটির নেতারা বলেন, সখীপুরে প্রকৃত ভূমির অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভূমি মালি করা গত ২২ মে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করলে জেলা প্রশাসক খান মো. নূরুল আমিনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হয়। একই সঙ্গে তিনি বন বিভাগ ও ভূমিনেতাদের নিয়ে একত্রে বসে সমঝোতা বৈঠকের প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুযায়ী গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সখীপুরে ১৪টি মৌজায় ১৯ বছর ধরে ভূমি উন্নয়ন কর (খাজনা) না নেওয়ায় নামজারি করা যাচ্ছে না। এর ফলে ওই সব মৌজার জমি রেজিস্ট্রি মূলে ভূমিমালিকেরা বেচাকেনা করতে পারছেন না। এসব জমির খাজনা নেওয়ার দাবিতে সখীপুরে ১৯ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন ‘সখীপুর ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি’ নামের একটি সংগ্রাম কমিটি।