সখীপুরে ঢাকা-ফেরত কাঁচামাল ব্যবসায়ীর করোনা শনাক্ত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা (৪০)। তিনি সখীপুর থেকে কাঁচামাল কিনে ঢাকায় পাইকারি আড়তে বিক্রি করতেন। সর্বশেষ ১৯দিন আগে তিনি ঢাকায় এসেছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ব্যবসায়ীর শরীরে সামান্য জ্বর থাকায় ১৯ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার রাতে তাঁর আক্রান্তের তথ্য জানতে পারে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, শরীরে জ্বর আসায় ওই ব্যক্তি নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এসে নমুনা দিয়ে যান। তাঁর করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। রোগীর গ্রামটিতে গিয়ে রোগীর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের চিহ্নিত করার কাজ চলছে।

স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান আরও জানান, সখীপুরে এ পর্যন্ত ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ সকাল ১০টা পর্যন্ত ৫৮ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ঢাকা ফেরত কাঁচামাল ব্যবসায়ী ওই ব্যক্তিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা বলেন, পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হতে পারে। অন্যদিকে রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।