সখীপুরে দুই গ্রামের পুরুষেরা এলাকাছাড়া
টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র ইব্রাহিম সরকার (১৮) খুন হওয়ার পর উপজেলার খোলাবাড়ি ও যোগীর কোপা গ্রামের পুরুষেরা গ্রেপ্তার হওয়ার ভয়ে এলাকা ছেড়েছেন। এদিকে ১১ দিন পার হলেও পুলিশ মামলার এজাহারভুক্ত ১১ জন আসামির কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল সোমবার সকালে ওই দুই গ্রামে গিয়ে বৃদ্ধ, অসুস্থ ও নারী ছাড়া কাউকে পাওয়া যায়নি।
অন্যদিকে বাদীপক্ষের অভিযোগ, আসামিরা সবাই ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকায় পুলিশ তাঁদের না ধরে বরং নিরাপদে পালাতে সুযোগ দিয়েছে।
গতকাল যোগীর কোপা জামে মসজিদে বৃদ্ধ মুয়াজ্জিন তরিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি জানান, গত জুমার নামাজ মাত্র পাঁচজনে পড়েছি। তারাবি পড়ি মাত্র তিন-চারজনে। অথচ ঘটনার আগে জুমায় পুরো মসজিদ ভরে গিয়ে বারান্দায় দাঁড়াতে হতো। খোলাবাড়ি মসজিদের ইমাম মাওলানা মুনছের আলী বলেন, ‘দুই সমাজের কমপক্ষে ৫০০ পুরুষ পালিয়ে আছেন।’
খোলাবাড়ি গ্রামের মাটিকাটাশ্রমিক সাহেব আলী সপ্তাহ খানেক ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর স্ত্রী রমেছা বেগম বলেন, ‘পরভাইতে (সেহ্রিতে) পান্তা ভাত খাইয়া রোজা রাখছি’। জেলে শামসু মিয়ার স্ত্রী বিলাতন আক্তার বলেন, ‘আমার স্বামী পুলিশের ভয়ে পালিয়ে আছেন। এনজিও থেকে ঋণ এনেছি, সাপ্তাহিক কিস্তি দিতে পারছি না, কিস্তির জন্য স্যারেরা এসে ঘুরে যাচ্ছেন।’
ওই গ্রামের তোতা, রহমান, কাদের, দুলালের বাড়িতে গিয়ে দেখা যায়, তালা ঝুলছে। যোগীর কোপা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ নওয়াব আলী এ প্রতিনিধিকে দেখে পুলিশ ভেবে কোনো কথাই বলেননি।
বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, পুলিশ মূল আসামিদের না ধরে গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করছে।
মামলার বাদী শিপলু সরকার অভিযোগ করে বলেন, ১১ দিন পার হলেও পুলিশ এজাহারভুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শিপলু মনে করেন, খুনের সঙ্গে জড়িত সবাই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক। এ জন্যই তাঁরা ধরা পড়ছেন না।
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘আসামিদের ছাড়া আমরা কারও বাড়িতে যাইনি এবং নিরীহ কাউকে হয়রানিও করা হচ্ছে না।’
টাকা ভাগাভাগি নিয়ে দুই সংগঠনের (ক্লাবের) মধ্যে দ্বন্দ্বের জের ধরে ১১ জুলাই ‘মানবকল্যাণ যুব সংঘ’র সদস্যরা ‘স্টুডেন্ট ক্লাবের’ সদস্য ইব্রাহিমের ওপর অতর্কিতে হামলা করেন। ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশ খোলাবাড়ি এলাকার কানা বিল থেকে ১২ জুলাই রাত নয়টার দিকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে।