সখীপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের এক নেতা ও তিন কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাহার্তা গ্রামের এক কিশোরী গত রোববার দুপুরে উপজেলা সদরে বই কিনতে আসে। বই কিনে ফেরার সময় একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইতিহাসের সঙ্গে তার দেখা হয়। এ সময় হাবিবুল্লাহ তাকে মোটরসাইকেলে করে গ্রামে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। রাজি না হলে হাবিবুল্লাহ মেয়েটিকে জোর করে নিজের মোটরসাইকেলে তুলে সখীপুর পৌর এলাকার হাজিপাড়ায় ছাত্রদের একটি মেসে নিয়ে যান। এ সময় হাবিবুল্লাহর সহযোগী ছাত্রলীগের কর্মী আরিফ, বাবুল ও আকাশ সেখানে পৌঁছান। এরপর হাবিবুল্লাহ মেয়েটিকে মেসের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনের ক্যামেরায় ধর্ষণের দৃশ্য ধারণ করেন। অন্যরা তখন ওই কক্ষের বাইরে পাহারায় ছিলেন। ধর্ষণ শেষে হাবিবুল্লাহ দরজা খুলে বের হওয়ার পর আরিফ ঘরে ঢোকেন। এ সময় মেয়েটি দৌড়ে ঘরের বাইরে এসে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। পরদিন সোমবার মেয়েটি নিজে বাদী হয়ে সখীপুর থানায় মামলা করে। মামলায় হাবিবুল্লাহ ইতিহাস, আরিফ, বাবুল ও আকাশকে আসামি করা হয়েছে। অভিযুক্ত বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদারের ভাগ্নে এবং আকাশ তাঁর নাতি।মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলার ওই দিনই আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা হুমকি-ধমকি দিচ্ছেন। চেয়ারম্যান শওকত সিকদার আসামিদের রক্ষার জন্য নানা চেষ্টা চালাচ্ছেন।তবে শওকত সিকদার অভিযোগ অস্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি বেশ কয়েক দিন ঢাকায় ছিলাম। এ ব্যাপারে কিছুই জানি না।’