সখীপুরে ধর্ষিতার পরিবারের বিরুদ্ধে মামলা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বোয়াইদ গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে ১৫ দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। উল্টো ধর্ষিতার পরিবারের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে মামলা করেছে আসামির পরিবার।গৃহবধূর করা মামলার বিবরণে জানা গেছে, ১৬ জুলাই রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে প্রতিবেশী হেলাল মুখে বালিশ চাপা দিয়ে আদিবাসী ওই গৃহবধূকে ধর্ষণ করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন হেলালকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে হেলালের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে ছিনিয়ে নেয়।গৃহবধূর বড় ভাই অভিযোগ করেন, পুলিশ এখনো আসামি হেলালকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো ধর্ষকের বড় ভাই আবদুল হালিম তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের আদালতে মঙ্গলবার মামলা করেছেন।এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, আসামিকে ধরতে ঢাকাসহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। আসামিপক্ষের মামলা প্রসঙ্গে তিনি বলেন, তাদের মামলা রেকর্ড করা হয়নি।