টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত বৃহস্পতিবার শ্বশুরের বিরুদ্ধে মিনি আক্তার (১৯) নামের এক নববধূকে শ্লীলতাহানির পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত মিনির বাবা আবদুল গণি বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই একটি হত্যা মামলা করেছেন।পুলিশ ও নিহত মিনির মা সাবজান বেগম জানান, ছয় মাস আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মনির হোসেনের সঙ্গে একই উপজেলার বেতুয়া গ্রামের মিনির বিয়ে হয়। ওই বিয়েতে প্রথমে ৫০ হাজার টাকা ও পরে মনির হোসেনের বিদেশ যাওয়ার সময় আরও এক লাখ টাকা যৌতুক দেওয়া হয়। মনির গত ১৬ মে দুবাই যান। মনির বিদেশ যাওয়ার পরের দিন থেকেই মিনিকে তাঁর শ্বশুর উত্ত্যক্ত করতেন। এ কারণে মেয়েটি শ্বশুরবাড়িতে যেতে চাননি। বৃহস্পতিবার সকালে শ্বশুর ইউসুফ আলী অনেকটা জোর করে মিনিকে নিয়ে যান। বাড়িতে শাশুড়ি না থাকায় ওই লম্পট মিনির শ্লীলতাহানি ঘটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।নববধূর শাশুড়ি মোর্শেদা বেগম বলেন, ‘গরু চড়িয়ে বাড়িতে এসে দেখি, মিনির লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।’ কিন্তু এ সময় তিনি তাঁর স্বামীকে (মিনির শ্বশুর) দেখতে পাননি। আবদুল গণি প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।’এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী বলেন, এ ঘটনায় ইউসুফ আলীকে একমাত্র আসামি করে আবদুল গণি একটি হত্যা মামলা করেছেন। লাশের শরীরের কয়েক স্থানে কামড় ও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্লীলতাহানির কারণে ওই বধূ আত্মহত্যা করেছেন।