সখীপুরে পাঁচ বছরে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মুরগির খামারগুলোতে শিয়াল মারার জন্য বিদ্যুতের তার দিয়ে তৈরি করা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ বছরে ছয়জন মারা গেছে। সর্বশেষ গত রোববার উপজেলার প্রতিমাবংকী গ্রামে এ রকম ফাঁদে পড়ে সাদেক আলী (৪০) নামের এক কৃষক মারা যান। এ ঘটনার পর খামারের মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।উপজেলা পোলট্রি খামার মালিক সমিতি জানায়, উপজেলায় মুরগির দুই হাজার খামার আছে। শিয়ালের উৎপাত থেকে রক্ষা করার জন্য কতিপয় খামারি তাঁদের খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে বেষ্টনী তৈরি করেছেন। ওই সব খামারের মালিক ও শ্রমিকেরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছেন। গত পাঁচ বছরে উপজেলার প্রতিমাবংকী গ্রামের তিনটি খামারে চারজন, কচুয়া ও আড়াইপাড়া গ্রামে একজন করে মোট ছয়জন মারা গেছে। এদের মধ্যে পাঁচ বছর আগে প্রতিমাবংকী গ্রামে নিজ খামারেই আজম খান ও তাঁর মেয়ে লতা আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। উপজেলা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শিয়ালের উৎপাত থেকে মুরগি বাঁচাতে খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ বানানো উচিত নয়। খামারের চারপাশে লোহার গ্রিল দিয়ে মজবুত বেড়া তৈরি করলে শিয়াল ঢুকতে পারবে না।সখীপুরের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আবাহনের সভাপতি আলীম মাহমুদ জানান, মুরগির খামারে এ ধরনের ফাঁদ রাখা ঠিক নয়। যেকোনো প্রাণী মারা অপরাধ। মৃত্যুফাঁদ আছে এমন খামারের মালিকদের বিচার হওয়া উচিত।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, এ ধরনের ফাঁদ পাতা অন্যায়। কেউ মামলা করলে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ প্রতিমাবংকীতে এক কৃষকের মৃত্যুর ঘটনায় মামলা না হওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।