সখীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার তাঁকে প্রত্যাহার করে এখানে পিডিবির নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে তাঁর দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী পরিচালক-১ (কর্ম) মোজাম্মেল হক এবং ঢাকা বিউবোর কর্মচারী অধিদপ্তরের উপপরিচালক-১ মেহেরুন নেছা খানম স্বাক্ষরিত এক পত্রের আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে শাহাদাত আলী নির্বাহী প্রকৌশলী হিসেবে সখীপুরে যোগদান করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অতিরিক্ত বিল, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অব্যবস্থাপনাসহ অনেক অভিযোগ ছিল। এসব কারণে বিভিন্ন সময় নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে গ্রাহকেরা মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। গত ২৯ আগস্ট এক জনসভায় স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয় ওই প্রকৌশলীকে অনিয়মের বিষয়ে সতর্ক করেন।
সর্বশেষ এক সপ্তাহ ধরে উপজেলার দাড়িয়াপুর, যাদবপুর, বেড়বাড়ি ও চাকদহ গ্রামের গ্রাহকেরা বিদ্যুৎ না পেয়ে ৮ সেপ্টেম্বর দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় তাঁদের হামলায় উপসহকারী প্রকৌশলীসহ তিনজন আহত হন। এ ঘটনায় ওই কার্যালয়ের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বাদী হয়ে হামলায় জড়িত সন্দেহে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অর্ধশত গ্রাহকের নামে সখীপুর থানায় মামলা করে। ওই রাতেই পুলিশ দাড়িয়াপুর গ্রামের তিন গ্রাহককে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে ঈদের পরের দিন বুধবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সখীপুরে আসে। ওই সময় গ্রাহকেরা তাঁদের নামে করা মামলা প্রত্যাহার, স্থানীয় পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলীকে সাত দিনের মধ্যে অপসারণের দাবি করেন। এর পরিপ্রেক্ষিতেই সাত দিনের মাথায় গত মঙ্গলবার নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করার এ চিঠি আসে।