সখীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা, লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের পরিচয় দিয়ে এক ব্যক্তিকে গাড়িতে তুলে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিদ্যুতের সাব-স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতারণার শিকার হওয়া ব্যক্তির নাম আবু সাঈদ (৫০)। তাঁর বাড়ি পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামে। এ ব্যাপারে ওই ব্যক্তি সখীপুর থানায় মামলা করেছেন।
আবু সাঈদ জানান, গতকাল দুপুর ১২টার দিকে তিনি অগ্রণী ব্যাংকের সখীপুর শাখা থেকে এক লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে বিদ্যুতের সাব-স্টেশন এলাকায় পাকা রাস্তার পাশে সাদাপোশাক পরে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি নিজেদের সখীপুর থানার লোক পরিচয় দিয়ে আসামিক চিনিয়ে নেওয়ার কথা বলে তাঁকে একটি মাইক্রোবাসে তোলে। এরপর তারা তাঁকে মারধর করে এক লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাঁকে সখীপুর থেকে ২৫ কিলোমিটার দূরে গাজীপুরের কালিয়াকৈরে ফেলে চলে যায়। বিকেল চারটার দিকে তিনি সখীপুর পৌরসভার মেয়রের কার্যালয়ে এসে মেয়রকে প্রতারিত হওয়ার বিষয়টি জানান।
সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, ‘আমি সাঈদকে মামলা করার কথা বলেছি।’
আবু সাঈদ দাবি করেন, ‘গাড়িতে পোশাক পরা দুজন পুলিশ ছিল। তাদের সঙ্গে হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও অস্ত্র ছিল। আমার ছেলে সিঙ্গাপুর থাকে। সে আমার কাছে ওই এক লাখ টাকা কয়েক দিন আগে অগ্রণী ব্যাংকে পাঠায়।’
সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ মামলা করতে আসেনি।’