টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমীর হামজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছেন টয়নিক টনি নামের এক ‘মাদক ব্যবসায়ী’ ও তাঁর সহযোগীরা। গতকাল সোমবার সখীপুর বাজারের শালগ্রামপুর সড়কে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আমীর উপজেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতিরও সভাপতি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গত রোববার পৌরসভার জামতলায় টয়নিক মাদক বিক্রি করছিলেন। তখন কাউন্সিলর মাদক বিক্রিতে বাধা দেন এবং টয়নিককে ধরে তাঁর বাবার কাছে বিচারের জন্য তুলে দেন। এর জের ধরে গতকাল সোমবার টয়নিক ও তাঁর সহযোগীরা চাপাতি, দা, কুড়াল নিয়ে দিনে-দুপুরে কাউন্সিলরের ওপর হামলা করেন। হামলাকারীরা তাঁর দুই কাঁধ ও পিঠে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ ঘটনায় টয়নিকের সহযোগী রাজু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আহত কাউন্সিলরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা টয়নিকের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁর বড় ভাই মন্জুরুলকে মারধর করে। তারা বিকেলে সখীপুর বাসস্ট্যান্ডে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, টয়নিক একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। প্রশাসন আশ্বাস দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে টয়নিককে আটক করবে। তাঁকে আটক করা না হলে মানববন্ধনসহ নানা কর্মসূচি দেওয়া হবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মূল অভিযুক্ত টয়নিককে ধরার চেষ্টা চলছে।