সখীপুরে বন ঘেঁষে করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুরে বনের পাশে গড়ে ওঠা অবৈধ করাতকলে চেরাই করতে ঘোড়ার গাড়িতে করে কাঠ নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল প্রতিমাবংকী এলাকা থেকে তোলা l প্রথম আলো
সখীপুরে বনের পাশে গড়ে ওঠা অবৈধ করাতকলে চেরাই করতে ঘোড়ার গাড়িতে করে কাঠ নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল প্রতিমাবংকী এলাকা থেকে তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর বন বিভাগের তিনটি রেঞ্জের ১১টি বিটের আওতায় গড়ে উঠেছে অবৈধ ৫৬ করাতকল। সংরক্ষিত শাল-গজারি ও সামাজিক বনায়নের ভেতর, বন ঘেঁষে এমনকি বন কর্মকর্তাদের কার্যালয়ের কাছেই এসব অবৈধ কল স্থাপিত হয়েছে। ওই সব অবৈধ কলে দিন-রাত চেরানো হচ্ছে শাল-গজারিগাছ। ফলে দিন দিন উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। আর হারিয়ে যাচ্ছে বন্য প্রাণী। এই প্রেক্ষাপটে সারা দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে।

 অবৈধ এসব করাতকল উচ্ছেদের দাবি জানিয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির নেতারা।

পৌরসভার করাতকল মালিকদের অভিযোগ, সরকারি বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকলেও স্থানীয় বন কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় লোকজন বনাঞ্চলে গড়ে তুলেছেন ওই সব করাতকল।

সখীপুর পৌরসভায় বৈধ (লাইসেন্সকৃত) ২৮টি ও অবৈধ আরও ১৪টি (লাইসেন্সবিহীন) করাতকল রয়েছে। অবৈধ করাতকলগুলো দেদার চলার কারণে তাঁদের কলগুলো ভালোভাবে চলছে না বলেও অভিযোগ করেন বৈধ করাতকল মালিক সমিতির সভাপতি জিন্নত আলী।

স্থানীয় বন বিভাগের তালিকা ও করাতকল মালিক সমিতির সূত্রে জানা যায়, ৫৬টি অবৈধ করাতকলের (লাইসেন্সবিহীন) মধ্যে বহেড়াতৈল রেঞ্জে ১৮টি, হাতিয়ায় ১৭টি, বাঁশতৈল রেঞ্জে ৭টি ও সখীপুর পৌরসভায় রয়েছে ১৪টি।

সরেজমিনে দেখা যায়, হাতিয়া রেঞ্জ কার্যালয়ের ২০০ থেকে ৪০০ গজের মধ্যে শাহীন আল মামুন, দেলোয়ার হোসেন, আবুবকর ও আবু সাঈদের চারটি করাতকল, কালিদাস বিট কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ১০০ গজের মধ্যে মকবুল হোসেন ও ফরিদ হোসেন আরেকটি করাতকল স্থাপন করেছেন।

 এ ছাড়া কালিদাস বিটের ধুমখালী এলাকায় সামাজিক বনায়নের এলাকা ঘেঁষে আবদুস সালাম চালাচ্ছেন আরেকটি করাতকল। একই বিটের করটিয়াপাড়া চতলবাইদ গ্রামে নঈম উদ্দিনের একটি, মিণ্টু মিয়ার একটি ও মজনু মিয়ার বনঘেঁষা তিনটি করাতকল চলছে।

গত শনিবার বহেড়াতৈল রেঞ্জের কাঁকড়াজান বিট কার্যালয়ে গিয়ে দেখা যায়, ওই বিটের খুবই কাছে পশ্চিম পাশে জয়নাল আবেদিনের ও উত্তর পাশে নূর জামাল করাতকল স্থাপন করেছেন। ওই দুই করাতকলেই গজারি ও সামাজিক বনায়নের আকাশমণি গাছের ছড়াছড়ি দেখা যায়। নূর জামাল বলেন, ‘সবাইকে ম্যানেজ করেই আমরা এসব কল চালাই।’

বন কার্যালয়ের পাশে করাতকল কীভাবে চলছে—জানতে চাইলে বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা আতাউল মজিদ বলেন, কিছু করাতকল মালিক উচ্চ আদালতে রিট করে করাতকল উচ্ছেদ বন্ধে সাময়িক নিষেধাজ্ঞা এনেছেন। ফলে ওই ৩৯টি করাতকল উচ্ছেদ করা যাচ্ছে না। নিষেধাজ্ঞার বাইরে থাকা করাতকলগুলোর কয়েকটি ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে, বাকিগুলো শিগগিরই উচ্ছেদ করা হবে।

সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বিভাগীয় বন কর্মকর্তার কাছে অবৈধ করাতকল উচ্ছেদের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘অবৈধ করাতকলগুলো প্রতিদিন ১১ হাজার ২০০ ঘনফুট কাঠ চেরাই করছে। সেই হিসাবে বছরে আনুমানিক ৪০ লাখ ঘনফুট কাঠ চেরাই হয়।’

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি করাতকল মালিকের নাম জানা গেলেও বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কোন করাতকলের কে প্রকৃত মালিক তা কেউ স্বীকার করতে চান না। তবে অবৈধ করাতকল মালিকদের নিয়ে উপজেলায় একটি সমিতিও রয়েছে। উপজেলার গড়বাড়ি গ্রামে সামাজিক বনের পাশে স্থাপিত কল মালিক আবুল কাশেম সভাপতি পদে ও উপজেলার সাপিয়াচালাগ্রামে স্থাপিত করাতকলের মালিক কামরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ওই সভাপতি ও সাধারণ সম্পাদক বৈধ করাতকল মালিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো অবৈধ কাঠ চেরাই করি না। আমরা শুধু সরকারের কাছ থেকে নিলামে কেনা গাছগুলো চেরাই করে থাকি। তবে বনের কাছে থাকায় আমাদের কলগুলোর লাইসেন্স দিচ্ছে না। এসব করাতকলের লাইসেন্স চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে।

সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মো. রহিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বনের কাছে ও ঘেঁষে অবৈধ এসব করাতকলে অবাধে বনাঞ্চলের গাছ চেরানো হলে বন ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এভাবে চলতে থাকলে প্রকৃতিতে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে আর বিলুপ্ত হবে বন্য প্রাণী।’

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাসুদ রানা গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছু অবৈধ করাতকল মালিক মিলেমিশে উচ্চ আদালতে মামলা করে করাতকল উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা এনেছেন। ফলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় এই মুহূর্তে আমরা করাতকলগুলো উচ্ছেদ করতে পারছি না। তবে আমরাও আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।’