সখীপুরে বন, হাসপাতাল, বিদ্যালয়ের পাশে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম লঙ্ঘন করে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সংরক্ষিত বন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার এবং হাসপাতালের পাশে দুটি এবং ফসলি জমিতে আটটি ইটভাটা গড়ে উঠেছে
নিয়ম লঙ্ঘন করে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সংরক্ষিত বন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার এবং হাসপাতালের পাশে দুটি এবং ফসলি জমিতে আটটি ইটভাটা গড়ে উঠেছে

নিয়ম লঙ্ঘন করে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সংরক্ষিত বন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার এবং হাসপাতালের পাশে দুটি এবং ফসলি জমিতে আটটি ইটভাটা গড়ে উঠেছে। এসব ভাটায় কয়লার পরিবর্তে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হচ্ছে।
ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯ অনুযায়ী সংরক্ষিত বন, আবাসিক এলাকা এবং ফলের বাগানের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না।
এ নিয়ম লঙ্ঘন করে বন বিভাগের সখীপুর উপজেলার বহেড়াতৈল বনের ২০০ মিটারের মধ্যে ‘পূবালী ব্রিকস’ ও ৫০ মিটার দূরে ‘এসআরএফ ব্রিকস’ নামের দুটি ইটভাটা স্থাপন করা হয়েছে। অকৃষিজমি হিসেবে কৃষি কর্মকর্তার ছাড়পত্র পাওয়ায় পরিবেশ অধিদপ্তরও ভাটা দুটির অনুমোদন দিয়েছে। ওই দুটি ইটভাটার কয়েক শ গজের মধ্যে রয়েছে বহেড়াতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বহেড়াতৈল সরকারি প্রাথমিক ও বহেড়াতৈল উচ্চবিদ্যালয়।
‘এসআরএফ ব্রিকস’-এর মালিক ফরিদ হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে চেষ্টা করে গত এক সপ্তাহ আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছি। লাইসেন্সের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্র জমা দিয়েছি।’ বনের পাশে ভাটা স্থাপনের কারণ জানতে চাইলে তিনি চুপ থাকেন।
বহেড়াতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রংলাল সরকার বলেন, এখানে আগে নারী ও শিশুরা চিকিৎসা নিতে আসত। কিন্তু কেন্দ্রের পাশের ইটভাটা থেকে ধুলা-বালু উড়ে আসায় অনেকেই এখানে আর চিকিৎসা নিতে আসছে না। বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জু বলেন, ওই দুটি ইটভাটার ইট নিয়ে ২০-২৫টি ট্রাক সব সময় রাস্তা দিয়ে চলাচল করে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের লোকজনকে ভোগান্তির শিকার হতে হয়।
এদিকে আইন লঙ্ঘন করে উপজেলায় ফসলি জমিতে আরও আটটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে নাকশালা গ্রামে ‘বংশাই’, বেড়বাড়ি গ্রামে এনএনবি ও ডিপিএস, নাইকানবাড়ি গ্রামে জেবিএল, কেবিকে, এবিএল ও বিবিএল ও কালিয়ান গ্রামে জেআরবি ব্রিকস নামের একটি ইটভাটা গড়ে উঠেছে। বনের পাশে ও ফসলি জমিতে গড়ে ওঠা ১০টি ইটভাটার মধ্যে ছয়টিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। পরিবেশের ছাড়পত্র নিয়েছে পূবালী, এসআরএফ, এনএনবি এবং ডিপিএস নামের এ চারটি ইটভাটা।
এনএনবি ও ডিপিএস ব্রিকস ফিল্ডের মালিক নাজিম উদ্দিন বলেন, ফসলি জমিতে হলেও তিনি কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়েছেন।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে পাওয়া অকৃষিজমির ছাড়পত্র পেয়ে তাঁরা কয়েকটি ইটভাটাকে ছাড়পত্র দিয়েছেন। অকৃষিজমির ছাড়পত্র না পাওয়ায় কয়েকটি ইটভাটার ছাড়পত্র আটকে রাখা হয়েছে। শিগগিরই অবৈধ ভাটাগুলোতে অভিযান চালানো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী জানান, সখীপুরে অকৃষিজমি না থাকায় এক ফসলি জমি হিসেবে কয়েকটি ইটভাটাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।