সখীপুরে বনের জমি এলাকাবাসীর দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের আমতৈল মৌজায় পাকা সড়কের পাশে বন বিভাগের প্রায় ১০ শতাংশ জমি স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই চন্দন মিয়া দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক বছরে একাধিক ব্যক্তি ওই এলাকায় বনের জমি দখল করে ঘর নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। জমি দখলের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সদর বিট কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে, চন্দন মিয়া ছাড়াও গত এক বছরে ওই পাকা সড়কের পাশে জামাল হোসেন, কামাল হোসেন ও ফজলুল হক নামের তিন ভাই; মজনু ও ফজলু, কোমর আলী, হযরত আলী, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন বনের জমি দখল করে ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গাছ কেটে বনের জমি দখলের ঘটনায় চেয়ারম্যানের ভাই চন্দন মিয়া ও জামাল হোসেনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন বহেড়াতৈল সদর বিট কর্মকর্তা কামাল উদ্দিন। অন্য দখলকারীদের বিরুদ্ধে কেন মামলা হয়নি—সে বিষয়ে জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, ‘দুই মাস আগে এ রেঞ্জে যোগ দিয়েছি। আগের দখলকারীদের বিষয়ে আমার কিছু জানা ছিল না।’সরেজমিনে জানা যায়, উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মঞ্জুর ছোট ভাই চন্দন মিয়া উপজেলার সখীপুর-বহেড়াতৈল পাকা সড়কের আমতৈল মৌজায় বনের প্রায় ১০ শতাংশ জমির গাছ কেটে তা দখল করেছেন। সেখানে মাটি ফেলে উঁচু করে একটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। মাটি তোলা ও ঘর নির্মাণের সময় বন বিভাগ বাধা দিলেও তা তিনি মানেননি।স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম দাবি করেন, বনের জমি হলেও স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ করে আসছেন। এলাকায় এসব জমি বেচাকেনাও হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, ‘আমার ছোট ভাই কামালের কাছ থেকে চেয়ারম্যানের ভাই চন্দন ওই জমি কিনে নিয়েছেন। চন্দন কয়েক দিন আগে সিঙ্গাপুর চলে গেছেন।’সিঙ্গাপুর যাওয়ার আগে এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে চন্দন বলেছিলেন, ‘ওই এলাকায় অনেকেই পর্যায়ক্রমে ঘরবাড়ি তুলে দখলে নিয়েছেন। তাই আমিও ঘর তুলেছি।’বহেড়াতৈল ইউপির চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জু বলেন, ‘শুনেছি, আমার ভাই চন্দন ওই জমি কিনে ঘর তুলেছেন। তাই দখলের প্রশ্নই ওঠে না।’বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এনায়েত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।