সখীপুরে বনের ভেতরের তিনটি করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা অবৈধ করাতকল উচ্ছেদে নেমেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কচুয়া বিটের কুতুবপুর গ্রামের দুটি ও কচুয়া বাজারের একটি করাতকল উচ্ছেদ করা হয়।কুতুবপুর গ্রামের উচ্ছেদ করা একটি করাতকলের মালিক কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কদ্দুস ওরফে মাখন ও আরেকটির মালিক বিএনপির নেতা আসলাম ভূঁইয়া। কচুয়া বাজারের করাতকলটির মালিক সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদারের ভাগনে জামাল হোসেন বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা আহম্মদ আলী গতকাল প্রথম আলোকে জানান, অবৈধ করাতকল উচ্ছেদের পাশাপাশি এগুলোর মালিকদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অসিতরঞ্জন পাল বলেন, সখীপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা সব করাতকল উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। গত শনিবার প্রথম আলোয় ‘বনের ভেতর ৫১ করাতকল, মালিক আ.লীগের নেতারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বন বিভাগ গতকাল উচ্ছেদ অভিযানে নামে।