সখীপুরে বন্ধুদের ছুরিকাঘাতে পাঁচ বন্ধু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের ছুরিকাঘাতে পাঁচ বন্ধু আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার ইন্দারজানী গ্রামে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন আবু সাঈদ (১৮), সাইফুল ইসলাম (১৮), মামুন সরকার (১৮), আবু রায়হান (১৮) ও আল-আমিন (১৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার ইন্দারজানী গ্রামে। তাঁরা সবাই ২০১২ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন।
আহত ব্যক্তিরা জানান, ছুটিতে এসে এলাকার বন্ধুরা মিলে ঈদের আগের দিন সন্ধ্যায় স্থানীয় একটি ক্লাবে সভা করছিলেন। সভা শেষ করে ক্লাব ঘরের বাইরে এলে অপর ছয় বন্ধু তাঁদের ওপর ছুরি নিয়ে হামলা করেন। ছুরির আঘাতে ওই পাঁচ বন্ধু গুরুতর আহত হন। ওই সময় স্থানীয় লোকজন মনির হোসেনকে (১৮) ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য কাঁকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। মীমাংসা না হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।