সখীপুরে বিএনপির দুই পক্ষের সংঘাতে ১৪৪ ধারা
টাঙ্গাইলের সখীপুরে একইস্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। উত্তেজনা বিরাজ করায় সখীপুর উপজেলা প্রশাসন সখীপুর পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে।
আজ বেলা ১১টার দিকে এই নির্দেশ দেন সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সখীপুর পৌরশহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহমেদ আযম খানের পক্ষ শৌখিন মোড়ে অনুষ্ঠানের আয়োজন করে। ওই একই স্থানে সখীপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব পক্ষের নেতারাও সভা ডাকেন। সকালে বিএনপির দুই পক্ষই একই স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে উত্তেজনা চলতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সখীপুর উপজেলা বিএনপির সভাপতি আযম খানের পক্ষের নেতা শাহজাহান সাজু বলেন, ওরা বিএনপির কেউ নন। যেকোনো মূল্যে পৌরসভার বাইরে গিয়ে হলেও আমরা সভা করব।
শেখ মোহাম্মদ হাবীব পক্ষের নেতা শেখ মোহাম্মদ হাবীব বলেন, ওরাও প্রকৃত বিএনপি নন। আযম খান যেখানে আসবেন, সেখানেই বাধা দেওয়া হবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, পরিস্থিতি শান্ত রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।