সখীপুরে বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ ও যুবলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে গতকাল শুক্রবার বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাসহ ২৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় তিন সাংবাদিকও আহত হন। এদিকে বিএনপির নেতা-কর্মীদের হাতে যুবলীগ ও ছাত্রলীগের চারজন নেতা-কর্মী আহত হয়েছেন।বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর-গোড়াই সড়কসহ বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বিএনপি গতকাল বেলা ১১টায় তালতলা চত্ব্বরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানের নেতৃত্বে মানববন্ধন করতে এলে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠি-সোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয় বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। এতে আহমেদ আযম খান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি আবদুল হক আল আজাদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, বিএনপির কর্মী সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, ছাত্রদলের কর্মী সানোয়ার হোসেন, রাসেল আহমেদ, ফারুক হোসেন, সালমান কবির, পৌর ছাত্রদলের সদস্য লিমনসহ ২৩ জন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত সুজন মাহমুদ, আবদুল হান্নান, জুয়েল রানা, ফারুক আহমেদ, সানোয়ার হোসেন ও লিমনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এদিকে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ ও আমার দেশ পত্রিকার সখীপুর প্রতিনিধি আনোয়ার কবির আহত হন। গুরুতর আহত আনোয়ার কবিরকে স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।তবে বিএনপির নেতা-কর্মীদের হাতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের এবং মুজিব কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আহমেদ আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহমেদ আযম খান বলেন, ‘পূর্বঘোষিত মানববন্ধনে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করলে আমিসহ আমার দলের প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হন। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, রাস্তার সংস্কারকাজ চলছে। বিএনপি অহেতুক রাজনৈতিক ফায়দা লুটতেই এ কর্মসূচি হাতে নেয়। তাদের হামলায়ই আমাদের ১৪ জন নেতা-কর্মীরা আহত হন।’এ ঘটনা নিয়ে বিকেল পাঁচটার দিকে সখীপুর প্রেসক্লাবে ছাত্রলীগ ও যুবলীগ সংবাদ সম্মেলন করে। এ সময় তারা বিএনপির মানববন্ধনে হামলার বিষয়টি অস্বীকার করে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সখীপুর প্রেসক্লাব নিন্দা জানিয়েছে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।