সখীপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার কচুয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে কচুয়া বাজার বণিক সমিতি।
গতকাল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া বাজার এলাকা অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) সখীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. শাহাদাত হোসেন ঘটনাস্থলে গিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
কচুয়া এলাকার পিডিবির মিটার রিডার আসাদুজ্জামান জানান, পিডিবির কচুয়া ফিডারের অধীনে গ্রাহক আছেন ছয় হাজার। স্থানীয় লোকজন জানান, কয়েক মাস ধরে তাঁদের এলাকায় প্রতিদিন মাত্র দুই ঘণ্টা থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে সব শ্রেণির মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিদ্যুতের অভাবে কৃষকেরাও বোরো খেতে সেচ দিতে পারছেন না।
পিডিবির সখীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. শাহাদাত আলী জানান, কচুয়ার কাছে কুতুবপুরে বিদ্যুতের একটি সাব-স্টেশন শিগগিরই চালু হচ্ছে। সেটি চালু হলে আর ওই সব এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না।