সখীপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, মিছিল
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ায় বিক্ষুব্ধ জনতা গতকাল রোববার ঢাকা-সাগরদীঘি রাস্তা অবরোধ করেছে। তারা সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে।বিক্ষুব্ধ জনগণ কালিয়া ঘোনারচালা বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় কাঠের গুঁড়ি ও বেঞ্চ ফেলে, বাঁশ বেঁধে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা লাঠিমিছিল ও সমাবেশ করে। কালিয়া ইউনিয়নের ১০টি গ্রামের ক্ষতিগ্রস্ত বোরোচাষিরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন।খবর পেয়ে সখীপুর উপজেলার চেয়ারম্যান শওকত সিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর দুপুর ১২টায় অবরোধ তুলে নেওয়া হয়।বেলতলী গ্রামের বোরোচাষি আবদুল মালেক বলেন, প্রায় এক মাস ধরে বিদ্যুতের অভাবে বোরো খেতে সেচ দিতে না পারায় ধানগাছ মরে যাচ্ছে। ঘোনারচালা গ্রামের জুলহাস উদ্দিন, আবুল হাশেম ও আবদুস সাত্তার জানান, দিনে-রাতে চার ঘণ্টা বিদ্যুৎ পেলেও ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজ থাকায় খেতে সেচ দেওয়া যাচ্ছে না। বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা না হলে চলতি মৌসুমে তাঁদের গোলায় একমুঠো ধানও উঠবে না। ইউএনও সুলতানা রাজিয়া বলেন, ক্ষতিগ্রস্ত বোরাচাষিদের দাবি মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সখীপুর বিদ্যুৎ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ওই সব অঞ্চলের বোরো চাষ যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রেখে বিদ্যুৎ সরবরাহ করা হবে।জানা গেছে, উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া, ঘোনারচালা, বেলতলী, কচুয়া, বড়চওনা, বিন্যাখাইড়া, ডনডনিয়া, জিতাশ্বরী, কুতুবপুর ও শাপলাপাড়া গ্রামের মানুষ এক বছর ধরে দিনে তিন-চার ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন। এতে করে ওই অঞ্চলের কয়েক হাজার বোরোচাষি সেচ দিতে না পারায় খেত ফেটে চৌচির হয়ে গেছে।