সখীপুরে বিদ্যুৎ কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের সখীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই কার্যালয়ের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদ হোসেন, মো. খোকন মিয়া ও আবদুর রউফ। তাঁদের সবার বাড়ি উপজেলার দাড়িয়াপুর আকন্দপাড়া গ্রামে।
থানাহাজতে থাকাবস্থায় ফরিদ, খোকন ও আবদুর রউফ দাবি করেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িত নই। রাতে ঈদের বাজার করে সখীপুর থেকে বাড়ি যাওয়ার পথে দাড়িয়াপুর গ্রামে বাড়ি শুনেই পুলিশ আমাদের আটক করে।’
উপজেলার দাড়িয়াপুর, বেড়বাড়ি, যাদবপুর গ্রামের একাধিক বিদ্যুৎ গ্রাহক মুঠোফোনে বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ার খবর শুনে গ্রেপ্তারের ভয়ে বৃহস্পতিবার রাত থেকেই আমরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, মামলা নেওয়ার পর রাতেই তিনজনকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার তাঁদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার-আতঙ্ক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করেই গ্রেপ্তার করা হবে।