টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর গত শনিবার রাতে একটি বিল থেকে কলেজছাত্র ইব্রাহিম সরকারের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সালিসের টাকা ভাগ-বাঁটোয়ারানিয়ে দুই সংগঠনের (ক্লাব) মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে।
উপজেলার ঘাটেশ্বরী গ্রামের লেবু সরকারের ছেলে ইব্রাহিম টাঙ্গাইলের কালিহাতীর লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ব্যাপারে ইব্রাহিমের বড় ভাই শিপলু সরকার বাদী হয়ে উপজেলার যোগীর কোফা গ্রামের ‘মানব কল্যাণ যুব সংঘের’ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে গতকাল সকালে সখীপুর থানায় খুনের মামলা করেন।
এদিকে গতকাল ঘাটেশ্বরী গ্রামের শতাধিক লোক উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সামনের সড়কে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
পুলিশ সূত্রে ও সরেজমিনে ঘাটেশ্বরী গ্রামে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যোগীর কোফা গ্রামের আদম ব্যবসায়ী জামাল হোসেন পাশের গ্রাম ঘাটেশ্বরীর চান মিয়াকে সিঙ্গাপুর নেওয়ার কথা বলে টাকা নেন। জাল ভিসায় তাঁকে পাঠালে চান মিয়া জেল খেটে দেশে চলে আসেন।
চান মিয়ার টাকা তোলার দায়িত্ব নেয় যোগীর কোফায় অবস্থিত মানব কল্যাণ যুব সংঘ। সংঘের সভাপতি রবিন আহমেদ ও সাধারণ সম্পাদক হোসেন আলী একপর্যায়ে আদম ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। ওই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঘাটেশ্বরী গ্রামের স্টুডেন্ট ক্লাবের সঙ্গে বিরোধ বাধে। গত শুক্রবার সকালে স্টুডেন্ট ক্লাবের সদস্য ইব্রাহিমসহ কয়েকজন যোগীর কোফা গ্রামে গেলে মানব কল্যাণ ক্লাবের সদস্যরা তাঁদের ওপর হামলা করেন। হামলার পর থেকে ইব্রাহিম নিখোঁজ ছিলেন। শনিবার রাত নয়টার দিকে যোগীর কোফা গ্রামের কানা বিল থেকে পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
মামলার বাদী নিহত ইব্রাহিমের ভাই শিপলু সরকার অভিযোগ করেন, খুনের সঙ্গে জড়িত সবাই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আসামিদের অবশ্যই দ্রুত গ্রেপ্তার করা হবে।