সখীপুরে ভূমির মালিকেরা'নিজ ভূমেপরবাসী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের ১৪টি মৌজার প্রায় ৩৫ হাজার একর জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় ও নামজারি (খারিজ) না হওয়ায় ১৫ বছর ধরে এসব জমি বেচাকেনা বন্ধ রয়েছে। বাধ্য হয়ে মালিকেরা ওই সব মৌজার জমি দলিল নিবন্ধনের পরিবর্তে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হস্তাস্তর করছেন। ফলে সরকার ভূমি উন্নয়ন কর ও দলিল নিবন্ধন থেকে প্রতিবছর বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

গত বছরের ১৯ মার্চ ঢাকায় সখীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা একই সারিতে জমিমালিকদের সঙ্গে ভূমির অধিকার রক্ষায় ‘আমরণ অনশন’ কর্মসূচিতে বসেন। ওই কর্মসূচিতে ভূমিমন্ত্রী রেজাউল করিম উপস্থিত হয়ে দাবি মেনে নিয়ে তা শিগগিরই বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে অনশন ভাঙান। প্রতিশ্রুতির এক বছর পার হলেও তা বাস্তবায়িত না হওয়ায় সখীপুরের ভূমিমালিকেরা হতাশ ও ক্ষুব্ধ। মনে করেন, তাঁরা‘নিজ ভূমে পরবাসী’।

আন্দোলনকারীরা দাবি আদায়ে ওই কর্মসূচির আগে প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি পেশ, সংবাদ সমেঞ্চলন, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবরোধ ও গণ-অনশন করেন।

উপজেলার ওই ১৪টি মৌজা হচ্ছে: সখীপুর, গড়গোবিন্দপুর, লাঙ্গুলিয়া, রতনপুর, হতেয়া, বাজাইল, তালেপাবাদ কালমেঘা, দেওয়ানপুর কালমেঘা, প্রতিমা বংকী, হাতিবান্ধা, বেড়বাড়ি, বিসি বাইদ, চতলবাইদ ও আটিয়া কালমেঘা। সখীপুর পৌরসভা সীমানার অধিকাংশ জমিই এ রেকর্ডের অন্তর্ভুক্ত বলে জানা গেছে।

সরেজমিন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে জমিদারি প্রথা উচ্ছেদ হয় এবং প্রজারা জমিদারদের কাছ থেকে পত্তনমূলে ওই সব জমির মালিক হন। ১৯৫৫ সালের ভূমি জরিপ আইন অনুযায়ী, ১৯৫৬-৬২ সালে পত্তনমূলের ভূমিমালিকদের (প্রজা) নামে এসএ (স্টেট একুইজেশন) রেকর্ড (স্বত্বলিপি) হয়। এসএ রেকর্ড ও দখল মোতাবেক সর্বশেষ ১৯৭৬-৮৫ সালে সরেজমিন পরিমাপ করে উপজেলার ১৪ মৌজার ভূমিমালিকদের নামে আরএস (রিভাইজড্ সার্ভে) রেকর্ড সম্পন্ন হয়। এরপর পর্যায়ক্রমে ভূমিমালিকদের আরএস রেকর্ডের নকশা ও পরচা দেওয়া শুরু হয়। বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তর থেকে ১৯৮৭ সালে আটটি, ১৯৯৮ সালে একটি ও বিভিন্ন সময়ে অন্য পাঁচটি মৌজার গেজেট প্রকাশ করা হয়। ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর ওই ১৪টি মৌজা থেকে প্রথমে গেজেট হওয়া আটটি মৌজার ভলিউম সখীপুর ভূমি কার্যালয়ে আসে। এ তথ্য পেয়ে বন বিভাগ ১৯৮২ সালের আটিয়া বন অধ্যাদেশের কিছু জমি আরএস রেকর্ডে ব্যক্তিমালিকানায় চলে গেছে দাবি করে এবং ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর একটি আপত্তি দাখিল করে। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় ভূমি কার্যালয় খাজনা নেওয়া বন্ধ করে দেয়। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কয়েক দফায় খাজনা (ভূমি উন্নয়ন কর) নেওয়ার নির্দেশ দিলেও স্থানীয় ভূমি কার্যালয় আর খাজনা নিচ্ছে না। ফলে উপজেলার আরএস খতিয়ানের খাজনা নেওয়ার দাবিতে সখীপুরবাসী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। ন্যায্য দাবি আদায়ে সখীপুরের জমিমালিকেরা ‘সখীপুর খাজনা বাস্তবায়ন কমিটি’ নামে আন্দোলন কমিটি গঠন করেন। এ কমিটির মাধ্যমে সখীপুর, টাঙ্গাইল ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আমরণ অনশন করা হয়।

হতেয়া মৌজার গাজিয়ার রহমান (৬৫) বলেন, ‘জমি আমাদের, বসবাস ও চাষাবাদ করছি আমরা, এসএ রেকর্ডও আমাদের বাপ-দাদার নামে। তার পরও ওই সব জমি আমরা নিয়ম অনুযায়ী বেচাকেনা করতে পারছি না। আজ আমরা নিজ জমিতে থেকেও যেন পরবাসী।’ প্রতিমা বংকী মৌজার আবুল কাশেম সিকদার বলেন, ‘আমাদের তিন-চার পুরুষের কবরের ঠিকানা এই মাটি। রেকর্ড ও দখল হিসেবে আমরাও এ মাটিতে বাস করছি। এর পরও আমরা এসব জমি বেচাকেনায় দলিল নিবন্ধন করতে পারছি না। বাধ্য হয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ওই সব জমি হস্তান্তর করতে হচ্ছে।’

সখীপুর খাজনা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, দুই যুগ ধরে নেতারা শুধু ‘কথার ফুলঝুড়ি’ সাজিয়ে ভোট নিয়েছেন। পরে সাংসদ বা মন্ত্রী কেউই প্রতিশ্রুতি রাখেননি। ফলে দিশেহারা হয়ে পড়েছেন সখীপুরের বৈধ ভূমিমালিকেরা।

 এ বিষয়ে সখীপুর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা কালিচরণ রায় চৌধুরী বলেন, ভূমি জরিপ আইনে ৩১ ধারা (আপিল) সম্পন্ন হওয়ার পর কোনো সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে রেকর্ডের ত্রুটিসংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা চলমান প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে দাখিল ও নিষ্পত্তির বিধান রয়েছে। সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘নির্দেশ পেলে অবশ্যই খাজনা নেওয়া হবে।’

খালেদা জিয়ার উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান বলেন, ‘অধিকারবঞ্চিত ভূমিমালিকদের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েও এ সরকারের ভূমিমন্ত্রী কথা রাখেননি—এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে?’

এ ব্যাপারে স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এ সরকারের সময়েই সমস্যার সমাধান হবে বলে আশা করি।’