সখীপুরে মৌমাছির কামড়ে অর্ধশত শিক্ষার্থী আহত
টাঙ্গাইলের সখীপুরে মৌমাছির কামড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ছয় শিক্ষার্থী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
গত মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অর্ধশত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ওই বিদ্যালয়ে গতকাল বুধবার ছুটি ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কাছে তোফাজ্জল হোসেনের বাড়ির পেছনের একটি গাছে মৌমাছি বাসা বাঁধে।
গত মঙ্গলবার দুপুরে মৌমাছির চাকে চিল আক্রমণ করলে মৌমাছি উড়ে গিয়ে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের কামড়াতে থাকে। মৌমাছির কামড়ে শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে। তখন এলাকাবাসী খড়েআগুন ধরিয়ে এগিয়ে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধার করে।
পরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাফিস, কবিতা, শামীম আল মামুন ও দ্বিতীয় শ্রেণির লামিয়া, আয়শা, আল্পনা এবং শিক্ষিকা খুরশিদ জাহান ও ফেরিওয়ালা বিল্লালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফারজানা সুমি প্রথম আলোকে বলেন, ওই শিক্ষিকা ও ছয় শিক্ষার্থীর শরীরে কমপক্ষে ২০টি কামড়ের চিহ্ন পাওয়া গেছে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম মিয়া মৌমাছির কামড়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, বেশির ভাগ শিক্ষার্থী আহত হওয়ায় বুধবার বিদ্যালয়ে সংরক্ষিত ছুটি ঘোষণা করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার প্রধান শিক্ষক বিষয়টি অবগত করে আবেদন করলে খুদে শিক্ষার্থীদের বিষয়টি ভেবে ছুটি অনুমোদন করা হয়।