সখীপুরে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা
মকবুল হোসেন নামের শতবর্ষী এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। পরিবারের সদস্যদের ভাষ্য, পেটের পীড়া সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কালীদাস তেঁতুলিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। মকবুল হোসেনের ছেলে মুকতার হোসেন (৬০) জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অতি বৃদ্ধ হওয়ায় মানবিক কারণে লাশ ময়নাতদন্ত না করেই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এসআই জানান, সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। সখীপুরে গত আট মাসে এ নিয়ে ২৭ জন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে সখীপুর আবাসিক মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শহীদুল্লাহ কায়সার বলেন, দাম্পত্য কলহ, অশিক্ষা, অসুখ-বিসুখ, কুসংস্কার ইত্যাদির কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। এ ঘটনা রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।