সখীপুরে শাল-গজারি বন উজাড় করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বন বিভাগের বহেড়াতৈলী রেঞ্জের সদর বিটে প্রাকৃতিকভাবে গজানো শাল-গজারির বন উজাড় করা হচ্ছে। বন কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় কাঠচোরাই চক্রের সদস্য ও কিছু অসাধু ব্যবসায়ী গাছ কেটে রাতেরবেলায় পাচার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ওই বনাঞ্চল ঘুরে দেখা যায়, বহেড়াতৈলী রেঞ্জের সদর বিটে আমতৈল, পেতুনিচালা, নির্গাছচালা, হলদেচালা, ভুগলিচালা, ধোপারচালা, সর্দারচালা, কাচিকাটাচালা, শাহেরচালা, সমানচালা, মীরেরচালা, মুন্সিরচালা, গোয়াইলাচালা এলাকায় ৫১০ একর জমিতে প্রাকৃতিক শাল-গজারি বন রয়েছে। ওই বনকে ২৭০ ভাগে ভাগ করে প্লট তৈরি করা হয়েছে। তবে প্লটগুলো উপকারভোগীদের মধ্যে বণ্টন করা হয়নি।
এলাকাবাসী জানান, ওই সব গজারি বনে রাতেরবেলায় ট্রাক ও ট্রলি ঢুকে দিনেরবেলায় কেটে স্তূপ করে রাখা গাছগুলো তুলে নিয়ে যায়। এরপর অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন করাতকলে গাছগুলোকে চেরাই করে শহরের বহুতল ভবনে পাইলিংয়ের কাজে ব্যবহারের জন্য বিক্রি করেন।
সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মো. রহিজ উদ্দিন বলেন, এভাবে বন উজাড় হলে বন্য প্রাণী, পাখি ও কীটপতঙ্গের নিরাপত্তা বিঘ্নিত হবে। জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়বে।
আমতৈল ও বহেড়াতৈল গ্রামের একাধিক উপকারভোগী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কোন প্লট কার, তা নির্ধারণ না করায় কাঠচোরদের কেউ বাধা দিচ্ছেন না। ফলে চোর, অসাধু কাঠ ব্যবসায়ী ও বন কর্মকর্তারা এ ক্ষেত্রে বেশি লাভবান হচ্ছেন।
বহেড়াতৈলী সদর বিটের কর্মকর্তা (ফরেস্টার) এম এম কামাল উদ্দিন বলেন, ‘আমি বন উজাড়ের সঙ্গে জড়িত নই; বরং গজারিগাছ চুরি ঠেকাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, প্লট নির্ধারণ করে দিলে গাছ চুরি কমে যাবে।
জানতে চাইলে বহেড়াতৈলী রেঞ্জের কর্মকর্তা মালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ শুনেছি। তদন্তে প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’