টাঙ্গাইলের সখীপুরে এক ছাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার জের ধরে গতকাল বৃহস্পতিবার মুজিব ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুরও করেন। এ ঘটনায় ঢাকা-সাগরদীঘি ও সখীপুর-টাঙ্গাইল সড়কে প্রায় দিনভর যান চলাচল বন্ধ ছিল।এদিকে বাস ভাঙচুর ও শ্রমিকদের ‘মারধর’ করার প্রতিবাদে উপজেলায় আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন পরিবহন মলিক-শ্রমিকেরা।শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার মুজিব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রোখসানা আক্তার বাসে করে কলেজে আসছিল। কলেজ মোড়ে নামার সময় বাসচালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে রোখসানা আহত হয়।গতকাল সকালে শিক্ষার্থীরা একটি ঢাকাগামী বাস ভাঙচুরের পর মিছিল নিয়ে সখীপুর তালতলা চত্বরে গিয়ে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে ঢাকা-সাগরদীঘি ও সখীপুর-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।সংবাদ সম্মেলনে উপজেলা বাস মালিক সমিতির নেতারা বলেন, ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না দেওয়া হলে আজ শুক্রবার সকাল থেকে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, টেম্পো ও অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।এদিকে শিক্ষার্থীদের সমাবেশে কলেজ ছাত্র সংসদের ভিপি আবদুল হামিদ ও জিএস আবদুর রউফ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মজিবর রহমান দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের উপস্থিতিতে উপজেলা প্রশাসন, বাস মালিক সমিতি ও ছাত্রনেতাদের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।