টাঙ্গাইলের সখীপুরে গতকাল শনিবার অজ্ঞাতনামা একটি শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন বগুড়ার ধুনট ও সাতক্ষীরার তালায় দুজনের লাশ পাওয়া গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সখীপুর (টাঙ্গাইল): সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক ও এলাকার বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় উপজেলার ছোটচওনা গ্রামের হারুন মার্কেট এলাকার গজারি বনে অজ্ঞাতনামা ছেলেশিশুর গলাকাটা লাশ দেখতে পান এলাকার লোকজন। তাঁরা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শিশুটির পরনে ফুলহাতা হলুদ শার্ট ও লাল হাফপ্যান্ট ছিল। কমপক্ষে দুদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে।
সাতক্ষীরা: নিহত ভ্যানচালক সুবল দাশের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল থেকে সুবল নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে আটটার দিকে বাড়ির দক্ষিণ পাশে নিমগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান পরিবারের লোকজন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন বলেন, তাঁর শরীরে ও কানের পাশে ক্ষতচিহ্ন আছে। তাঁকে হত্যার পর গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ধুনট (বগুড়া): ধুনট থানা-পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, ১৫ বছর আগে সিরাজগঞ্জের ভানুডাঙ্গা গ্রামের আল আমিনের সঙ্গে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের ডলি খাতুনের বিয়ে হয়। আল-আমিন কৃষিশ্রমিক ছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে সমঝোতার মাধ্যমে ১২ ডিসেম্বর বিবাহবিচ্ছেদ হয়।
নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, আল-আমিন শুক্রবার রাত আটটার দিকে তাঁর সঙ্গে ভানডাঙ্গা বাজারে চা খান। এরপর শ্বশুরবাড়ির দিকে রওনা হন। গতকাল সকালে মহিশুরা গ্রামে শ্বশুরবাড়ির পাশের মাঠে আল-আমিনের লাশ পাওয়া যায়। শ্বশুরবাড়ির লোকজন আল-আমিনকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ঘটনার পর থেকে নিহতের স্ত্রী ডলি খাতুনসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ধ্্ুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।