সখীপুরে শেষ হলো চর্যাপদ প্রকাশের শতবর্ষ পূর্তি উৎসব

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের শতবর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে।
উৎসবের সমাপনী দিনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান। আলোচনায় অংশ নেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আমির হোসেন, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আফজাল হোসেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান মুসলিমা খাতুন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চর্যাপদের গবেষক এমরান হাসান। সন্ধ্যায় চর্যাগান ও চর্যানৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
চর্যাগানের গ্রন্থিক দল ‘চর্যাসহজিয়া’ নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে। উৎসবের অংশ হিসেবে ছিল চর্যাপদ নিয়ে প্রাজ্ঞজনদের আলোচনা, চর্যাবিষয়ক প্রবন্ধ, চর্যা আবৃত্তি, চর্যাগান, চর্যানৃত্যসহ নানা বর্ণাঢ্য আয়োজন। তিন দিনে আলোচনায় অংশ নেন কবি মাহবুব সাদিক, ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আবদুল করিম মিঞা, টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ শরিফা রাজিয়া, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মোজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ আলীম মাহমুদ। গত বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসব শুরু হয়।