সখীপুরে সংরক্ষিত বনে ৪৮টি অবৈধ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে ৪৮টি অবৈধ করাতকল গড়ে উঠেছে। গত আড়াই বছরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নামে-বেনামে এবং তাঁদের ছত্রচ্ছায়ায় এসব করাতকল স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বন বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের মাসোহারা দিয়ে করাতকলগুলো চালু রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।ডিজেলচালিত এসব অস্থায়ী করাতকলের বেশির ভাগ সংরক্ষিত বনের বিট কর্মকর্তার কার্যালয় থেকে কয়েক শ গজ দূরে। অথচ বন বিভাগের আইনে বলা হয়েছে, সংরক্ষিত বনাঞ্চল থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে কোনো প্রকার করাতকল স্থাপন সম্পূর্ণ অবৈধ। সরেজমিনে ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন বহেড়াতৈল, হতেয়া, বাঁশতৈল ও ধলাপাড়া রেঞ্জের আওতায় সখীপুর উপজেলায় ১১টি বিটে ৪৮টি করাতকল অবৈধ উপায়ে গড়ে উঠেছে। অন্যদিকে শুধু সখীপুর পৌরসভায় ৩৭টি বৈধ ও চারটি অবৈধ করাতকল রয়েছে। সব মিলিয়ে এ উপজেলায় করাতকল ৮৫টি। বহেড়াতৈল রেঞ্জের পাঁচটি বিটের আওতায় বড় চওনা গ্রামে দুটি, কুতুবপুরে তিনটি, নামদারপুরে তিনটি, ইন্দ্রারজানীতে দুটি, হামিদপুরে দুটি, মরিচাবাজারে দুটি, নাকশালায় দুটি, ডাবাইলে দুটি, বেতুয়ায় দুটি, দেবরাজ গ্রামে দুটি এবং দুর্গাপুর, আড়াইপাড়া, কচুয়া, তৈলধারা, বড়চালা, ধোপারপাড়, আইলশার বাজার, মহানন্দপুর, দাড়িয়াপুর, গোহাইলবাড়ি, বাশারচালা, ঢনঢনিয়া, চারবাইদা, কালিয়া—এই ১৪টি গ্রামে একটি করে মোট ৩৬টি অবৈধ করাতকল রয়েছে। হতেয়া ও বাঁশতৈল রেঞ্জের আওতায় হতেয়ায় দুটি, কালিদাসে দুটি, নলুয়ায় দুটি, তক্তার চালায় দুটি, ইছাদীঘিতে একটি, দেওদীঘি গ্রামে একটি, পাথারপুরে একটি ও বোয়ালীতে একটিসহ মোট ১২টি করাতকল রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ করাতকলের অংশীদার একাধিক ব্যক্তি। গত শনিবার সকালে হতেয়া রেঞ্জের কালীদাস বিটে গিয়ে দেখা যায়, বিট কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ২০০ গজ দূরে দুটি করাতকল গড়ে উঠেছে। একটি করাতকলের মালিক স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নাজমুল হোসেন, অন্যটির মালিক যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ হোসেন, ছাত্রলীগের নেতা আবদুর রাজ্জাক ও স্থানীয় কাঠ ব্যবসায়ী বিএনপি-সমর্থক মকবুল হোসেন।এ ব্যাপারে ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ রকম করাতকল সবাই চালাচ্ছে বলে আমিও চালাচ্ছি।’কচুয়া বিট অফিসে গিয়ে দেখা যায়, ওই বিট অফিসের ৩০০ গজ দূরে স্থানীয় আওয়ামী লীগের তিন নেতা মিলে করাতকলটি স্থাপন করেছেন। কচুয়া বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘ওরা প্রভাবশালী বলে আমাদের করার কিছুই নেই।’ এদিকে উপজেলার কুতুবপুর গ্রামের তিনটি করাতকলের মধ্যে কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. কুদ্দুস ওরফে মাখনের একটি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবাদুল্লাহ মিয়ার একটি ও অপরটি ঘাটাইল উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আসলাম ভূঁইয়ার। এ প্রসঙ্গে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর অবৈধ করাতকল নেই, থাকলেও এর দায়দায়িত্ব আওয়ামী লীগ নেবে না।’হতেয়া রেঞ্জ কর্মকর্তা আফতাবুর রহমান অবৈধ করাতকল থেকে মাসোহারা নেওয়ার অভিযোগটি সঠিক নয় দাবি করে বলেন, ‘আমরা গত বছর ২৫ থেকে ৩০টি করাতকল উচ্ছেদ করেছি এবং কমপক্ষে ৫০টি করাতকলের বিরুদ্ধে মামলাও হয়েছে।’ এদিকে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান চৌধুরী বনাঞ্চলের পাশে অবৈধ করাতকল গড়ে ওঠার কথা স্বীকার করে বলেন, এদের উচ্ছেদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বনায়ন কমিটির সভাপতি মো. মজিবর রহমান বলেন, ‘বন বিভাগ সহযোগিতা চাইলে ওই সব অবৈধ করাতকল উচ্ছেদের ব্যাপারে সার্বিক সহযোগিতা করব।’ টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অসিতরঞ্জন পাল বলেন, ‘আমরা শিগগিরই অবৈধ করাতকল উচ্ছেদের অভিযান চালাব।’ গত বছরের মার্চ মাসে প্রথম আলোতে ‘বনের ভেতর ৫১ করাতকল, মালিক আ.লীগ নেতারা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই সময় ৫১টি করাতকল মালিকের বিরুদ্ধে বন বিভাগ মামলা করে এবং ২৫টি করাতকল জব্দ করে। কিন্তু মাস ছয়েক চুপ থাকার পর আবার সংরক্ষিত বনাঞ্চলে করাতকল পুনঃ স্থাপিত হয়েছে।