সখীপুরে স্বামীর বিরুদ্ধে নববধূ হত্যার অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আমেনা খাতুন (১৮) নামের এক নববধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ঘাটেশ্বরী গ্রামের জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল আমেনার দাদা আরফান আলী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল ঘাটেশ্বরী গ্রামের মৃত মজনু মিয়ার মেয়ে আমেনা খাতুনের সঙ্গে একই উপজেলার বাঘের বাড়ি গ্রামের চান মিয়ার ছেলে লেবু মিয়ার বিয়ে হয়। ২০ জুলাই বাবার বাড়িতে অবস্থানরত আমেনাকে মুঠোফোনে ডেকে নেন স্বামী লেবু মিয়া। এরপর আমেনাকে হত্যা করে লাশ এসিড-জাতীয় পদার্থ দিয়ে পুড়িয়ে শ্বশুরবাড়ির কাছে মফেরচালা জঙ্গলে ফেলে পালিয়ে যান লেবু মিয়া।বাদী আরফান আলী বলেন, গত শনিবার ওই জঙ্গলে লাশটি বিকৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটিকে হত্যার পর লাশ এসিড জাতীয় কোনো পদার্থ দিয়ে শরীরকে ঝলসে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।